একতা ডেস্ক: আজই গাজীপুরের দুই মহাসড়ক থেকে অবরোধ তুলে নিয়েছেন শ্রমিকরা। বুধবার সকাল ৯টা থেকে বকেয়া বেতনের দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা ত্রিমোড় এলাকায় নায়াগ্রা টেক্সটাইল কারখানার শ্রমিকরা সড়ক অবরোধ করেন। দুপুর সাড়ে ১২টা পর্যন্ত অবরোধ করে রাখে। খবর পেয়ে শিল্প ও থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে দেন। পরে বিক্ষোভকারী শ্রমিকরা কারখানার ভেতরে গিয়ে অবস্থান নেয়।
এ বিষয়ে কালিকৈর থানার ওসি রিয়াদ মাহমুদ বলেন, শ্রমিকদের বুঝিয়ে সাড়ে ১২টার দিকে মহাসড়ক থেকে সরিয়ে দেওয়া হয়েছে। এখন মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।
অন্যদিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভোগড়া বাজার এলাকায় জুতা শ্রমিকদের চাকরিতে পুনর্বহাল ও নতুন চাকরির দাবিতে সড়ক অবরোধ করে শ্রমিকরা। খবর পেয়ে শিল্প পুলিশ ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের বুঝিয়ে দুপুর ১২টার দিকে মহাসড়ক থেকে সরিয়ে দেন।
শিল্প পুলিশের পুলিশ সুপার সারোয়ার আলম বলেন, শ্রমিকদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে দেওয়া হয়েছে। এখন দুই মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।
তথ্যসূত্রঃ সমকাল

Leave a Reply