একতা ডেস্কঃ খুলনার দৌলতপুরে পূর্বশত্রুতার জের ধরে আওয়ামী লীগ নেতারা হাতুড়িপেটা করে রক্তাক্ত করেছেন এক যুবদল নেতাকে। গত শুক্রবার সকাল ১০টার দিকে দৌলতপুর দেয়ানা পূর্বপাড়া ভাউন্ডারি রোডে এ ঘটনা ঘটে। আহত শেখ মিজানুর রহমানকে খুলনা মেডিক্যাল কলেজ(খুমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ভুক্তভোগী জানান, তিনি দেয়ানা পূর্বপাড়ার ভাউন্ডারি রোডের শেখ আনোয়ার হোসেনের ছেলে এবং ৪ নম্বর ওয়ার্ড যুবদলের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট। তিনি নিজ শিশুসন্তানের সঙ্গে বাসা থেকে বের হয়ে দোকানে যাচ্ছিলেন। ভাউন্ডারি রোডে পৌঁছানো মাত্র আওয়ামী লীগ নেতা তুহিন শেখের নেতৃত্বে ১০-১২ জনের একদল দুর্বৃত্ত তার ওপর চড়াও হয়। কিছু বুঝে ওঠার আগেই তারা তাকে হাতুড়ি ও লাঠি দিয়ে বেধড়ক মারপিঠ করে আহত করে। এ সময় তাদের একজনের নিকট আগ্নেয়াস্ত্র ছিল। তার চিৎকার শুনে এলাকাবাসী ছুটে এলে দুর্বৃত্তরা দেখে নেওয়ার হুমকি দিয়ে এলাকা ত্যাগ করে। পরে এলাকাবাসী মিজানকে উদ্ধার করে খুমেক হাসপাতালে ভর্তি করে। হামলার নেতৃত্বদানকারী তুহিন শেখ ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক। এর আগের দিন বৃহস্পতিবার সন্ধ্যায় ভিকটিমের ছোট ভাই আমিনুরকে ভয়-ভীতি দেখায় এ চক্রটি, যাতে করে তারা তাদের সম্পত্তিতে না যেতে পারে।
দৌলতপুর থানা অফিসার ইনচার্জ(ওসি) মীর আতাহার আলী জানান, ঘটনাটি তিনি শুনেছেন। লিখিত অভিযোগও পেয়েছেন। আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানান তিনি।

Leave a Reply