একতা ডেস্ক: চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচন অবৈধ ঘোষণা করেছেন আদালত। সেই সঙ্গে চসিক নির্বাচন বাতিল চেয়ে বিএনপির মেয়র প্রার্থী ডা. শাহাদাত হোসেনের দায়ের করা মামলায় তাকে মেয়র ঘোষণা করেছেন আদালত। এছাড়া আগামী ১০ দিনের মধ্যে এ বিষয়ে গেজেট প্রকাশ করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।
মঙ্গলবার দুপুর ১২টায় নির্বাচনী ট্রাইব্যুনাল এবং যুগ্ম জেলা ও দায়রা জজ মোহাম্মদ খাইরুল আমীনের আদালত এই রায় দেন।
বাদীপক্ষের অ্যাডভোকেট আরশাদ হোসেন আসাদ জানান, চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচন বাতিল চেয়ে বিএনপির মেয়র প্রার্থী ডা.শাহাদাত হোসেন মামলা করেছিলেন। সেই মামলায় তাঁকে মেয়র ঘোষণা করে রায় দিয়েছেন আদালত। এ বিষয়ে ১০ দিনের মধ্যে গেজেট প্রকাশ করার জন্য সরকারকে নির্দেশ দেওয়া হয়েছে।
২০২১ সালের ২৪ ফেব্রুয়ারি চসিক নির্বাচনে কারচুপি ও ফল বাতিল চেয়ে মেয়র প্রার্থী ডা. শাহাদাত হোসেন নির্বাচন কমিশনারসহ ৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।
এ মামলায় বিবাদী করা হয়েছিল চসিকের সাবেক মেয়র এম রেজাউল করিম চৌধুরী, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. হাসানুজ্জামান, নির্বাচন কমিশনারের সচিব, প্রধান নির্বাচন কমিশনার, আবুল মনজুর, এম এ মতিন, খোকন চৌধুরী, মুহাম্মাদ ওয়াহেদ মুরাদ, মো. জান্নাতুল ইসলামকে। তাদের পক্ষে আদালতে কোনো আইনজীবী উপস্থিত ছিলেন না।
তথ্যসূত্রঃ সমকাল

Leave a Reply