একতা ডেস্কঃ কিংবদন্তি সংগীতশিল্পী সাবিনা ইয়াসমিন। আর তাই ফিরছেন গানে শারীরিকভাবে এখন অনেকটাই সুস্থ। আগামী ৩১ জানুয়ারি ও ১ ফেব্রুয়ারি ঢাকার দুটি বড় অনুষ্ঠানে গাইবেন এই সংগীতশিল্পী। তারপর যাবেন চট্টগ্রামেও। সেখানকার একটি স্টেজ শোতেও অংশ নেবেন তিনি। এমনটাই জানালেন কিংবদন্তি এই সংগীতশিল্পী।
তিনি বলেন, ‘আল্লাহর রহমতে গানে ফিরছি। আমি তো গানের মানুষ। ছয় দশক গানে গানে কাটছে। গান ছাড়া তো আর কিছু ভাবতে পারি না। এখানেই যত আনন্দ। সেই আনন্দের জায়গায় ফিরছি, খুবই ভালো লাগছে।’ ইতিমধ্যেই কয়েকজন সংগীত পরিচালকের সঙ্গে নতুন গান নিয়ে কথা বলেছেন। স্টেজ শোর ফাঁকেই নতুন গানগুলোর রেকর্ডিং করবেন। স্টেজ শোর প্রস্তুতি হিসেবে ২৬, ২৭ ও ২৮ জানুয়ারি টানা তিন দিন যন্ত্রশিল্পীদের নিয়ে মহড়ায় অংশ নেবেন তিনি।
২০২৩ সালে অস্ট্রেলিয়ার সিডনি, মেলবোর্ন ও ব্রিসবেনে একাধিক স্টেজ শো করেন উপমহাদেশ প্রখ্যাত এই সংগীতশিল্পী। এরপর আর তাকে মঞ্চে দেখা যায়নি। একসময় তার শারীরিক অবস্থা নিয়ে নানা ধরনের গুজব ছড়িয়ে পড়লে একপর্যায়ে অডিওবার্তায় তিনি জানান, তিনি ভালো আছেন। একটি গণমাধ্যমকে সাবিনা ইয়াসমিন জানিয়েছেন তার জীবনে ঘটে যাওয়া কঠিন যুদ্ধের কথা। গেল বছরের ৭ ফেব্রুয়ারি তার অস্ত্রোপচার হয়। এরপর চার মাসে ৩০টি রেডিওথেরাপি নিতে হয়েছে তাকে। কেবল কাছের মানুষেরাই শুধু জানতেন এসব তথ্য। সাবিনা ইয়াসমীনের কথায়, ‘এটা ছিল কঠিন এক যুদ্ধ, তবে মনোবল ছিল শক্ত।
তিনি বলেন, ‘চিকিৎসাটা ছিল একটা কঠিন পরীক্ষা। একে জীবনযুদ্ধও বলা যায়। মনে হয়েছিল- আল্লাহতায়ালা যেটাই চাইবেন, সেটাই হবে। আল্লাহর অশেষ রহমত ও দেশবাসীর দোয়া। আর আমার মনে জোর ছিল- আমি এ বিপদ কাটিয়ে উঠতে পারব। সেই চারটা মাস জীবনের সবচেয়ে কঠিন সময় ছিল।

Leave a Reply