একতা ডেস্কঃ মার্কিন যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস ইতিহাসের অন্যতম ভয়াবহ দাবানলে পুড়ছে ৯ দিন ধরে। এ দুর্যোগে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার শহরটিতে এখন পর্যন্ত প্রাণ হারিয়েছেন অন্তত ২৫ জন। নিখোঁজ রয়েছেন আরও বেশ কয়েকজন। এর মধ্যে ফায়ার সার্ভিস কর্মীদের জন্য নতুন চ্যালেঞ্জ হয়ে উপস্থিত হয়েছে ১৫ জানুয়ারি, বুধবার থেকে শুরু হওয়া ‘সান্তা অ্যানা’ নামের এক ঝোড়ো বাতাস। এমতাবস্থায় লস অ্যাঞ্জেলেসে ‘আগুন টর্নেডোর আশঙ্কা করছেন আবহাওয়া বিশেষজ্ঞরা। জারি করা হয়েছে লাল পতাকা সতর্কতা।
গত ৭ জানুয়ারি ভয়াবহ দাবানলের কবলে পড়ে লস অ্যাঞ্জেলেস। দ্রুতই তা ছড়িয়ে পড়ে বিস্তীর্ণ এলাকায়। এরমধ্যে ছোট-বড় প্রায় ১২টি অগ্নিকাণ্ড ঘটে। আগুনে ইতোমধ্যে অভিজাত এলাকা হিসেবে পরিচিত প্যাসিফিক প্যালিসেডসের বাসিন্দাদের প্রায় সাড়ে পাঁচ হাজার বাড়িঘর ও স্থাপনা ধ্বংস হয়েছে। এছাড়া ইটনের আগুনে আলটাডেনা এলাকায় পুড়েছে আরও পাঁচ হাজারের বেশি স্থাপনা। এই দুই এলাকার আগুন এখনও নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি।
আবহাওয়াবিদরা বলছেন, বর্তমান চরমভাবাপন্ন আবহাওয়ায় ‘আগুন টর্নেডো’ সৃষ্টির আশঙ্কা রয়েছে। গত আট মাস ধরে বৃষ্টি না হওয়ায় দাবানলের কারণে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার বাতাসের মান ও গতি আরও খারাপের দিকে। সর্বোচ্চ সতর্কতা ‘রেড ফ্ল্যাগ’ জারি করার পাশাপাশি এ অঞ্চলে আরও এক সপ্তাহ তীব্র বাতাস বয়ে যেতে পারে বলে জানিয়েছে মার্কিন জাতীয় আবহাওয়া দপ্তর।

Leave a Reply