একতা ডেস্কঃ নিজেদের আকাশসীমায় ভারতের বিমান চলাচল বন্ধ করে দেয় পাকিস্তান কাশ্মীরের পেহেলগামে হামলার পর। এ পরিস্থিতিতে চরম ক্ষতির মুখে পড়ছে ভারতীয় বিমান সংস্থা এয়ার ইন্ডিয়া। খবর নিয়ে জানা গেছে, পাকিস্তানের আকাশসীমা বন্ধ হওয়ার পর বিকল্প পথে উড়ে যেতে খরচ বহুগুনে বেড়ে যাবে এয়ার ইন্ডিয়ার। পাকিস্তানের আকাশসীমা এভাবে বন্ধ থাকলে বাড়তি ৬০০ মিলিয়ন ডলার খরচ করতে হবে তাদের। বাড়তি জ্বালানি, ফ্লাইট চলার সময়ও বৃদ্ধি করতে হবে।
যাতায়াতে বেশি সময় লাগলে যাত্রীদের ওপর প্রভাব পড়তে পারে বলে সতর্ক করেছে এয়ার ইন্ডিয়া। বিমান সংস্থার দাবি, এই অবস্থা চলতে থাকলে, বছরে বাড়তি ৫৯১ মিলিয়ন ডলার খরচ করতে হবে তাদের। আপাতত আগামী ২৩ মে পর্যন্ত শুধু ভারতীয় বিমান সংস্থার জন্য পাকিস্তানের আকাশসীমা বন্ধ থাকবে বলে জানা গেছে। যদিও আন্তর্জাতিক বিমানের ক্ষেত্রে এই নিয়ম প্রযোজ্য নয়।
পাকিস্তানের আকাশসীমা বন্ধের পর বিকল্প পথে চীনের আকাশসীমার গা ঘেঁষে বিমান ওড়ানোর কথাও ভাবছে এয়ার ইন্ডিয়া। কিন্তু তার জন্য চীনের ছাড়পত্র প্রয়োজন। যা নিতেও সরকারের সহযোগিতা চাচ্ছে বিমান সংস্থাটি।
গত ২২ এপ্রিল মঙ্গলবার বিকেলে কাশ্মীরের পেহেলগাম জেলার বৈসরণ তৃণভূমিতে বন্দুকধারীদের হামলায় অন্তত ২৬ জন নিহত হন, যাদের প্রায় সবাই পর্যটক। হামলার দায় স্বীকার করে রেজিস্ট্যান্স ফ্রন্ট নামে একটি সংগঠন। এটিকে পাকিস্তানভিত্তিক লস্কর-ই-তৈয়্যেবার সঙ্গে সংশ্লিষ্ট বলে মনে করা হয়। এ ঘটনায় আরও বেশ কয়েকজনকে আহত হন। যাদের গুলি করে হত্যা করা হয়েছে, তারা সবাই পুরুষ। বস্তুত, ২২ এপ্রিলের হামলা ছিল ২০১৯ সালের পুলোয়ামা হামলার পর জম্মু ও কাশ্মীরে সবচেয়ে বড় প্রাণঘাতী হামলা। বর্তমানে এ ঘটনায় দুই দেশের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে।
Leave a Reply