একতা ডেস্কঃ ভক্তদের দুঃসংবাদ দেওয়া এ আর রহমান এবার দিলেন সুসংবাদ। দীর্ঘ ২৯ বছরের দাম্পত্য জীবনের ইতি টেনেছেন মিউজিক মায়েস্ট্রো। কদিন ধরেই বলিউডের জনপ্রিয় সঙ্গীতশিল্পী এ আর রহমান সংবাদের শিরোনাম। নিজের বিবাহবিচ্ছেদ নিয়ে সরব ছিলো মিডিয়া। এই মুহূর্তে বিষাদেই ডুবে রয়েছেন এই অস্কারজয়ী সুরকার। তবে বিষাদের মেঘের মাঝেই উঁকি দিল আনন্দের সংবাদও।
হলিউড মিউজিক ইন মিডিয়া অ্যাওয়ার্ডে সংগীত-ফিচার ফিল্ম ও স্কোর-ইনডিপেনডেন্ট ফিল্ম ক্যাটাগরিতে সেরার পুরস্কার জিতেছেন তিনি। সুদীর্ঘ ক্যারিয়ারে এ আর রহমানের ঝুলিতে আছে অস্কার ও গ্র্যামির মতো অ্যাওয়ার্ড। এবার তার সফলতার মুকুটে আরো একটি পালক যুক্ত হলো। দ্য গোট লাইফচলচ্চিত্রের পেরিয়োন গানের জন্য পেয়েছেন এ সম্মানসূচক পুরস্কার। এই আনন্দের সংবাদটি এ আর রাহমান নিজেই তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি পোস্টের মাধ্যমে সবাইকে জানিয়েছেন। সাবেক স্ত্রী সায়রা বানুর সঙ্গে ২৯ বছরের দাম্পত্য জীবনের ইতি টানার পর সামাজিক মাধ্যমে এটাই তার প্রথম পোস্ট। অ্যাওয়ার্ড গ্রহণের বেশ কিছু ছবি শেয়ার করে সংগীত পরিচালক লিখেছেন, ‘এ অর্জনে আমি এবং আমাদের গোটা টিম গর্বিত।
এ সিনেমাটিকে জীবস্ত করার জন্য যারা অসাধারণ প্রতিভার পরিচয় দিয়েছেন তাদের কাছে আমরা কৃতজ্ঞ। পুরো ‘দ্য গোট লাইফ টিম এবং দশর্কদের ধন্যবাদ। তাদের ভালোবাসায় আমাদের কষ্ট সফল হয়েছে।’ গত ২৮ মার্চ মুক্তি পায় দক্ষিণের সিনেমা দ্য গোট লাইফ’। মুক্তির পরই সিনেমাটি আলোচনায় আসে। সিনেমায় প্রধান চরিত্রে অভিনয় করেছেন পৃথ্বীরাজ সুকুমারন। তার চরিত্রের নাম নাজিব, ঘটনাচক্রে মরুভূমিতে ছাগল চরায়। সিনেমাটি সত্য ঘটনা অবলম্বনে নির্মাণ করেন ব্রেসি। সিনেমাটি দর্শক-সমালোচকদের কাছ থেকে ব্যাপক প্রশংসিত হওয়ার পাশাপাশি বক্স অফিসেও দারুণ আয় করেছে। এদিকে সম্প্রতি এ আর রহমান-সায়রা বানুর বিচ্ছেদের সিদ্ধান্তের কথা জানান সায়রার আইনজীবী বন্দনা শাহ। এরপর সায়রা বানু ও এ আর রহমানও গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন। ১৯৯৫ সালে সায়রা বানুর সঙ্গে গাঁটছড়া বাঁধেন এ আর রহমান। তাদের তিন সন্তান খতিজা, রহিমা ও আমিন।

Leave a Reply