একতা ডেস্কঃ তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মোঃ মাহফুজ আলম আওয়ামী লীগকে কোনোদিন এ দেশে রাজনৈতিকভাবে দাঁড়াতে দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন। ১ এপ্রিল, মঙ্গলবার আওয়ামী লীগ সরকারের সময় গুম-খুনের শিকার ব্যক্তিদের পরিবারের সংগঠন ‘মায়ের ডাক’-এর অফিসে ঈদ শুভেচ্ছা বিনিময় ও মিলনমেলা অনুষ্ঠানে উপদেষ্টা একথা বলেন। অনুষ্ঠানে আসা গুম-খুনের শিকার ব্যক্তিদের পরিবারের উদ্দেশ্যে উপদেষ্টা বলেন, আপনারা ঐক্যবদ্ধ থাকবেন, আপনাদের সঙ্গে আমরা থাকবো- এটা হচ্ছে আমাদের অঙ্গীকার। আপনাদের অস্তিত্ব, লড়াইটাই আমাদের জন্য অনুপ্রেরণা। আপনারা যদি মাঠে থাকেন, আমরা যদি আপনাদের সঙ্গে থাকি, তাহলে বাংলাদেশে যে গণতান্ত্রিক অভিযাত্রা তৈরি হয়েছে, সেটা সফল হবে। আওয়ামী লীগের ফ্যাসিজমের ফিরে আসার পথ রুদ্ধ হবে।
তিনি বলেন, কোনোদিন আওয়ামী লীগকে আমরা এ দেশে রাজনৈতিকভাবে দাঁড়াতে দেবো না- এটা হচ্ছে আমাদের অঙ্গীকার। তারা যদি আবার সুযোগ পায়…. এবার মাত্র ৩ হাজার বিচার বহির্ভূত হত্যাকাণ্ড হয়েছে, দেড়-দুই হাজার গুম হয়েছে, আবার যদি সুযোগ পায় এই সংখ্যা অনেক গুণ হবে। আমরা এই সুযোগটা আওয়ামী লীগকে দিতে পারি না। যারা আওয়ামী লীগের খুন-গুমের শিকার হয়েছেন; বিএনপি, জামায়াত যেই হোন না কেন, আমাদের একটি পয়েন্টে একমত থাকতে হবে- গণতান্ত্রিক বাংলাদেশ গড়তে হবে। এখানে যাতে কোনো গুম, খুন ও নিপীড়নের কোনো কালচার না ফিরে আসে, কারও মাধ্যমে না ফিরে আসে।
আওয়ামী লীগ পুরো দেশটাকে আয়না ঘর বানিয়েছিল। আমরা আসলেই দ্বিতীয়বারের মতো স্বাধীন হয়েছি। ভারত দুঃখজনকভাবে হাসিনা এবং তার সন্ত্রাসী বাহিনীকে আশ্রয় দিচ্ছে। আমরা শুনতে পেয়েছি- লাখের কাছাকাছি আওয়ামী লীগ সন্ত্রাসীরা ভারতে আশ্রয় নিয়েছেন।
Leave a Reply