একতা ডেস্কঃ চিত্রনায়িকা পূজা চেরির নামও শিবিরের তালিকায়। এমনও খবর ভেসে বেড়াচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।
তাকে জড়িয়ে ছাত্রশিবিরের প্যাডের একটি ছবি ভাইরাল হয়েছে। এ বিষয়ে ইতোমধ্যেই নিজের অবস্থান স্পষ্ট করেছেন নায়িকা। এবার এ বিষয়ে সত্যটা তুলে ধরে গুজব থেকে এড়িয়ে চলার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ইসলামি ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি মঞ্জরুল ইসলাম। গতকাল ১০ ডিসেম্বর, মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া ওই কার্ডে বাংলাদেশ ইসলামি ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ (মহিলা) কমিটির তালিকায় দেখা গেছে পূজা চেরির নাম। আইন ও মানবাধিকার বিষয়ক সম্পাদকের জায়গায় লেখা রয়েছে পূজা চেরি (অমুসলিম শাখা)।
পরে অবশ্য সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক স্ট্যাটাসে বিষয়টি স্পষ্ট করেন পূজা চেরি। বিষয়টি মিথ্যা ও গুজব জানিয়ে ক্ষোভও প্রকাশ করেন অভিনেত্রী। আর আজ ১১ ডিসেম্বর, বুধবার ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি মঞ্জরুল ইসলাম নিজের ফেসবুক পেজে সত্যটা তুলে ধরেছেন। যারা ছাত্রশিবিরের আদর্শ এবং গঠনমূলক কাজের কাছে পরাজিত তারাই গুজবের আশ্রয় নিয়ে ছাত্রশিবিরকে মোকাবিলা করার চেষ্টা করে থাকে।
তিনি আরও লিখেন, যুগে যুগে সত্য ও ন্যায়ের আন্দোলনকে ক্ষতিগ্রস্ত করতে এ রকম মিথ্যা প্রচারণা করেছে বিরোধীরা। কিন্তু তাদের এসব অপকৌশল ঐতিহাসিকভাবে পরাজিত হয়েছে। আমরা সচেতন ছাত্র-জনতাকে এসব মিথ্যাচার ও গুজবে বিভ্রান্ত না হওয়ার আহ্বান করছি।’

Leave a Reply