একতা ডেস্কঃ পররাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশে তিমুর-লেস্তের। (পূর্ব তিমুর) অনারারি কনসাল হিসেবে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিয়েছে ব্যবসায়ী, উদ্যোক্তা এবং বিশিষ্ট ক্রীড়া সংগঠক কুতুবউদ্দিন আহমেদকে। বৃহস্পতিবার রাষ্ট্রীয় অতিথি ভবন মেঘনায় মন্ত্রণালয়ের প্রটোকল প্রধান খন্দকার মাসুদুল আলম কুতুবউদ্দিন আহমেদের কাছে এ সংক্রান্ত একটি আনুষ্ঠানিক চিঠি হস্তান্তর করেন। গত বছরের অক্টোবরে তিমুর-লেস্তের সরকার বাংলাদেশে কুতুবউদ্দিন আহমেদকে তাদের অনারারি কনসাল হিসেবে নিয়োগ দেয়।
শেলটেক গ্রুপ, এনভয় লিগ্যাসি এবং এনভয় টেক্সটাইলস এর চেয়ারম্যান কুতুবউদ্দিন আহমেদ বলেন, ‘বাংলাদেশে তিমুরের অনারারি কনসাল হিসেবে নিয়োগ দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্কের একটি নতুন অধ্যায় চিহ্নিত করেছে। এর মাধ্যমে বাংলাদেশ এবং তিমুর-লেস্তের মধ্যে আনুষ্ঠানিক সম্পর্ক ও সহযোগিতা বৃদ্ধির দ্বার খুলবে। দ্বিপাক্ষিক বাণিজ্য ও উন্নয়ন অংশীদারিত্বের মাধ্যমে বাংলাদেশ তিমুর-লেস্তের অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে এবং আঞ্চলিক বাণিজ্য ও বিনিয়োগের সুযোগ থেকেও উপকৃত হতে পারে।’
কুতুবউদ্দিন আহমেদ বাংলাদেশের ব্যবসায়িক ও সামাজিক ক্ষেত্রে একজন বিশিষ্ট ব্যক্তিত্ব। ২০২০ সালে, তিনি স্পেনের রাজা কর্তৃক স্প্যানিশ রয়্যাল অর্ডার অব মেরিটের নাইট অফিসার উপাধিতে ভূষিত হন। বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিজিএমইএ) এবং মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এমসিসিআই) সাবেক সভাপতি।

Leave a Reply