একতা ডেস্কঃ ছাত্র-জনতার আন্দোলন চলাকালে গুলিবিদ্ধ রিকশাচালক মো. ইসমাইলকে চিকিৎসা না দেওয়ার মামলায় রাজধানীর রামপুরার ডেলটা হেলথকেয়ার হাসপাতালের ৫ জনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। শনিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাসুমা রহমান তাদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর এই আদেশ দেন।
কারাগারে যাওয়া আসামিরা হলেন, ডেলটা হেলথকেয়ার হাসপাতালের মেডিক্যাল অফিসার ডা. সাদি বিন শামস, মেইনটেন্যান্স বোরহান উদ্দিন, মার্কেটিং অফিসার হাসান মিয়া, সিকিউরিটি গার্ড ইসমাইল ও নাজিম উদ্দিন। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে রিকশাচালক মো. ইসমাইলের হামাগুড়ি দিয়ে নিজের জীবন বাঁচানোর আকুতির ভিডিও ভাইরাল হয়। কিন্তু হাসপাতালের নিরাপত্তাকর্মীরা দরজা খোলেননি। চিকিৎসাও দেননি। পরে অতিরিক্ত রক্তক্ষরণে সিঁড়ির ওপরেই প্রাণ হারান ইসমাইল।
বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদের নজরে আসার পর গত শুক্রবার বিকালে ডেল্টা হাসপাতালে অভিযান চালিয়ে সেই সময় দায়িত্ব পালন করা আসামিদের আটক করে হাতিরঝিল থানাপুলিশ। গতকাল শনিবার এ ঘটনায় করা হত্যা মামলায় তাদের কারাগারে আটক রাখার আবেদন জানিয়ে আদালতে হাজির করা হয়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গত ১৯ জুলাই বিকাল সাড়ে ৩টার দিকে ইসমাইল আলী পুলিশের গুলিতে গুলিবিদ্ধ হন। কিন্তু আসামিদের অস্ত্রের মহড়ার কারণে তিনি চিকিৎসা নিতে পারেননি। স্ত্রী লাকি বেগম হুমকির কারণে লাশটা পোস্ট মর্টেম করতে পারেননি। আওয়ামী সরকারের পতনের পর লাকি বেগম হাতিরঝিল থানায় একটি হত্যা মামলা করেন।

Leave a Reply