বিলায়েত হোসেন লিটন, বিশেষ প্রতিনিধিঃ ফরিদপুরের নগরকান্দায় বৃহস্পতিবার সকালে ফরিদপুর-বরিশাল মহাসড়কের নগরকান্দা উপজেলার ডাংগী ইউনিয়নের নারানখালী ব্রীজের নিচ থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে।
পুলিশ জানায়, নিহত ব্যক্তির আনুমানিক বয়স ৪৫ বছর। মরদেহটি হাত-পা বাঁধা অবস্থায় পড়ে ছিল, যা হত্যাকাণ্ডের ইঙ্গিত দেয়।
নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসূল সামদানী আজাদ লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে জানান, ফরিদপুর-বরিশাল মহাসড়কের ডাংগী ইউনিয়নের নারানখালী ব্রিজের নিচ থেকে একটি অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহটির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। বিকাল পাঁচটা পর্যন্ত লাশের পরিচয় পাওয়া যায়নি।
নগরকান্দা সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মাহমুদুল হাসান বলেন, সকালে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আনুমানিক ৪৫ বছর বয়সী এক যুবকের হাত-পা বাঁধা ও গলাকাটা মরদেহ উদ্ধার করে পুলিশ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ভোররাতের কোনো এক সময় দুর্বৃত্তরা তাকে জবাই করে হত্যা করে মরদেহটি সেখানে ফেলে রেখে যায়।
এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের পাশাপাশি হত্যার কারণ ও জড়িতদের শনাক্তে তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।
Leave a Reply