একতা ডেস্কঃ পররাষ্ট্র উপদেষ্টা মোঃ তৌহিদ হোসেন আন্টালিয়া ডিপ্লোম্যাসি ফোরামে (এডিএফ) যোগ দিতে আজ বৃহস্পতিবার সকালে তুরস্কের উদ্দেশে ঢাকা ছেড়েছেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা কামরুল ইসলাম ভূঁইয়া বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, তুরস্কের আন্টালিয়ায় ‘আন্টালিয়া ডিপ্লোম্যাসি ফোরাম’-এ অংশগ্রহণ শেষে আগামী ১৪ এপ্রিল তার দেশে ফিরে আসার কথা রয়েছে। আগামী ১১-১৩ এপ্রিল তুরস্কের আন্টালিয়ায় কূটনীতিক ফোরাম চলবে। ওই ফোরামে যোগ দিতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে আমন্ত্রণ জানিয়েছিল তুর্কি সরকার।
প্রধান উপদেষ্টা না যেতে পারায় বাংলাদেশ প্রতিনিধিদলের প্রধান হিসেবে পররাষ্ট্র উপদেষ্টা আন্টালিয়া কূটনীতিক ফোরামে যোগ দেবেন। প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান ফোরামের উদ্বোধন করবেন। ওই ফোরামে বিভিন্ন দেশের প্রধানমন্ত্রী-রাষ্ট্রপতি আসবেন।
পররাষ্ট্র উপদেষ্টার ফোরামে যোগ দেওয়ার পাশাপাশি কয়েকটি দেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ নিশ্চিত হয়েছে। যাদের মধ্যে-তুরস্ক, স্লোভাকিয়া, আজারবাইজান ও গাম্বিয়ার পররাষ্ট্রমন্ত্রী রয়েছেন।

Leave a Reply