একতা ডেস্কঃ দেশের নবনির্মিত বৃহত্তম রেলওয়ে সেতুর নামকরণ নিয়ে নতুন সিদ্ধান্ত নিয়েছে অন্তরবর্তী সরকার। বঙ্গবন্ধু শেখ মুজিব রেলওয়ে সেতু নামটি বাতিল করে গেজেট প্রকাশ করা হয়েছে। তবে নতুন নাম এখনও চূড়ান্ত হয়নি বলে জানিয়েছেন রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. ফাহিমুল ইসলীম। গতকাল ২০ ডিসেম্বর, শুক্রবার যমুনার পশ্চিমপাড়ে বঙ্গবন্ধু রেলওয়ে সেতু প্রকল্প পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব তথ্য জানান।
রেলপথ সচিব জানান, ‘নতুন সেতুটির নামকরণ এখনো চূড়ান্ত হয়নি। তবে অন্তর্বর্তীকালীন সরকার স্থাপনার নামকরণে স্থানীয় পরিচিতি ও ঐতিহ্যকে গুরুত্ব দিচ্ছে। এ সেতুর ক্ষেত্রেও স্থানীয় নাম ব্যবহার হতে পারে বলে ধারণা করছি।” সেতুটি আগামী বছরের জানুয়ারি অথবা ফেব্রুয়ারিতে উদ্বোধনের পরিকল্পনা রয়েছে। সেতুর ৯৭ শতাংশ কাজ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। উদ্বোধনের পর এটি দিয়ে দ্রুতগতির ট্রেন চলাচল করবে, যা সময় সাশ্রয় করবে। সেতু নির্মাণে অর্থ সাশ্রয়ের বিষয়টিও গুরুত্বসহকারে পর্যালোচনা করা হচ্ছে বলে জানান ফাহিমুল ইসলাম। প্রকল্প পরিদর্শনকালে রেলপথ সচিবের সঙ্গে প্রকল্প পরিচালক আল ফাত্তাহ মাসউদুর রহমান, সিরাজগঞ্জের জেলা প্রশাসক মুহাম্মদ নজরুল ইসলামসহ পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Leave a Reply