একতা ডেস্কঃ মৌলভীবাজারের বড়লেখায় নিজ পুত্রের কুড়ালে আঘাতে মামুন মিয়া (৬৫) নামে এক বৃদ্ধ প্রাণ হারিয়েছেন। ২৪ নভেম্বর, রবিবার রাত ১০টার দিকে উপজেলার দক্ষিণভাগ দক্ষিণ ইউনিয়নের কলাজুরা গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে মামুনের ছেলে অভিযুক্ত নোমান হোসেন (৩০) পালিয়েছেন।
স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, নোমানের সাথে সুজানগর ইউনিয়নের এক মেয়ের বিয়ের কথা চলছিলো। মেয়েপক্ষ অতিরিক্ত দেনমোহর দাবি করায় নোমানের বাবা মামুন মিয়ার মত ছিলো না। বিষয়টি নিয়ে রবিবার রাতে পিতা মামুন মিয়ার সাথে পুত্র নোমানের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে ঘরে থাকা কুড়াল দিয়ে বাবার গলার পাশে আঘাত করেন নোমান। এতে মামুন মিয়া মাটিতে লুটিয়ে পড়েন। স্বজনরা তাকে মুমূর্ষু অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে সকালে মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে পাঠায়।
বড়লেখা থানার ওসি মো. আবদুল কাইয়ুম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেছেন, পুলিশ নিহতের লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। লাশ সকালে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্ত ছেলে নোমান হোসেনকে গ্রেফতারে অভিযান চালানো হচ্ছে। নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply