একতা ডেস্কঃ প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বে অব বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি-সেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কো-অপারেশন (বিমসটেক) শীর্ষ সম্মেলনে যোগ দিতে ঢাকা ছেড়েছেন। বৃহস্পতিবার সকালে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের উদ্দেশে রওনা দিয়েছেন তিনি। প্রধান উপদেষ্টা ও তার সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট সকাল ৮টা ৫৫ মিনিটে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে। প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সেক্রেটারি আবুল কালাম আজাদ মজুমদারের এ তথ্য নিশ্চিত করেছেন।
বুধবার প্রধান উপদেষ্টা হাই রিপ্রেজেন্টেটিভ ড. খলিলুর রহমান ব্রিফিংয়ে জানান, বিমসটেক সম্মেলনে অংশ নিতে ৩-৪ এপ্রিল থাইল্যান্ডে অবস্থান করবেন প্রধান উপদেষ্টা। এ সফরে তার সঙ্গে থাকবেন পররাষ্ট্র উপদেষ্টা মোঃ তৌহিদ হোসেন ও পররাষ্ট্রসচিব মোঃ জসীম উদ্দিন। সফরে প্রধান উপদেষ্টা ভারতসহ বিমসটেক সদস্য রাষ্ট্রগুলোর নেতাদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন। সম্মেলনের সময় দুটি সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানেও উপস্থিত থাকবেন তিনি।
তৃতীয় দিনে আনুষ্ঠানিকভাবে পরবর্তী ২ বছরের জন্য বিমসটেকের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেবে বাংলাদেশ। বিমসটেক সম্মেলনের ফাঁকে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রথম দ্বি-পাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে ব্যাংককে। ব্যাংকক সময় শুক্রবার বিকেল ৩টা ৪৫ মিনিটে এ বৈঠক হওয়ার কথা রয়েছে।
Leave a Reply