একতা ডেস্কঃ ভারতের মণিপুর রাজ্যেরবিদ্রোহীদের একাংশ গভর্নর অজয় কুমার ভাল্লা’র আহ্বানে সাড়া দিয়ে অস্ত্র জমা দেওয়া শুরু করেছেন। খবর এনডিটিভি অনলাইনের। প্রায় ২ বছর ধরে রাজ্যজুড়ে ব্যাপক বিক্ষোভ-সংঘাত-সহিংসতা চলার পর গত ১৩ ফেব্রুয়ারি রাষ্ট্রপতির শাসন জারি করা হয় মণিপুরে। তারপর গত ২০ ফেব্রুয়ারি মণিপুরের গভর্নর অজয় কুমার ভাল্লা বিদ্রোহীদের অস্ত্র সমর্পণের আহ্বান জানান। এজন্য ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত সময় বেঁধে দেন তিনি। ২০ ফেব্রুয়ারি গভর্নরের কার্যালয় থেকে দেওয়া এক বিবৃতিতে ভাল্লা বলেন, যারা নির্দিষ্ট সময়সীমার মধ্যে অস্ত্র জমা দেবেন। তাহলে তাদের বিরুদ্ধে কোনো শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করবে না সরকার। আর যারা অস্ত্র সমর্পণ থেকে বিরত থাকবেন, সময়সীমা শেষ হওয়ার পর তাদের বিরুদ্ধে কঠোর অভিযান শুরু হবে। গভর্নরের নির্ধারিত সময়সীমা শেষ হতে বাকি আছে আর দু’দিন।
সমর্পণ করা এসব অস্ত্র-গোলাবারুদের ছবি প্রকাশ করেছে মণিপুর রাজ্য প্রশাসন। সামনের দুই দিনে আরও বেশি অস্ত্র জমা পড়বে বলে আশা করছেন কর্মকর্তরা। রাজ্যের সাধারণ জনতা গভর্নরের এই অস্ত্র সমর্পণের আহ্বানকে দ্ব্যর্থহীন ভাবে সমর্থন করছেন। রাজ্যের মুখ্য সচিব পিকে সিং রোববার এক বিবৃতিতে জানিয়েছেন, যেসব বিদ্রোহী যোদ্ধা সশস্ত্র রাজনীতি ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরতে চান, তাদের জন্য সরকারের এই প্রস্তাব একটি ‘সুবর্ণ সুযোগ’। গত দেড় বছরেরও বেশি সময় ধরে চলা এই জাতিগত সংঘাতে মণিপুরে নিহত হয়েছে আড়াই শতাধিক মানুষ এবং বাড়িঘর ছেড়ে বাস্তুচ্যুত হতে বাধ্য হয়েছেন আরও কয়েক হাজার।
এখনও রাজ্যের পরিস্থিতি শান্ত হয়নি। সংঘাত শুরুর সময় মণিপুরের রাজ্য সরকারে বিজেপি ক্ষমতাসীন ছিল। গত ৯ ফেব্রুয়ারি পদত্যাগ করেন মুখ্যমন্ত্রী বীরেন সিং। তারপর ১৩ ফেব্রুয়ারি রাষ্ট্রপতির শাসন জারি হয় মণিপুরে।

Leave a Reply