ছানোয়ার হোসেন, খাগড়াছড়ি প্রতিনিধিঃ খাগড়াছড়ির মহালছড়িতে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে পিস্তল, গুলি, শটগানের কার্তুজ, চাঁদা আদায়ের রশিদ বই ও টোকেনসহ সোনা চাকমা ওরফে বিকাশ চাকমা (৫৫) নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে।
শনিবার (২২ আগস্ট ২০২৬) মহালছড়ি থানাধীন ৪ নম্বর মাইছড়ি ইউনিয়নের ২৫০ নম্বর লেমুছড়ি মৌজা-সংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
মহালছড়ি থানা পুলিশ ও সেনাবাহিনী সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মহালছড়ি থানার এসআই (নিঃ) মোঃ শফিকুল ইসলাম, এসআই (নিঃ) মোঃ আব্দুল আওয়াল সঙ্গীয় ফোর্স এবং মহালছড়ি জোনের সেনাবাহিনীর টহল দলের সহযোগিতায় যৌথ অভিযান চালানো হয়। অভিযানে একটি বসতবাড়ির পূর্ব পাশে মালিকানাধীন সেগুন বাগানের ভেতর থেকে ম্যাগাজিনসহ সচল একটি পিস্তল উদ্ধার করা হয়।
এ সময় পিস্তলের ৬ রাউন্ড গুলি, ২ রাউন্ড শটগানের কার্তুজ, একটি চাঁদা আদায়ের রশিদ বই এবং ‘জনতার মুক্তি সংগ্রামে এগিয়ে আসুন’ লেখা একটি টোকেনও উদ্ধার করা হয়।
গ্রেপ্তার সোনা চাকমা ওরফে বিকাশ চাকমা মহালছড়ি উপজেলার কায়াংঘাট এলাকার বাসিন্দা বলে জানানো হয়েছে।
মহালছড়ি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির্জা জহির উদ্দিন জানায়, উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদসহ তাকে হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্ট আইনে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
Leave a Reply