ছানোয়ার হোসেন, খাগড়াছড়ি প্রতিনিধিঃ খাগড়াছড়ির মহালছড়িতে মঠের ভেতর থেকে পানির মোটর(পাম্প), পাইপ ও তার চুরির অভিযোগে তিন যুবককে গ্রেফতার করেছে পুলিশ। একই সাথে তাদের হেফাজত থেকে চোরাইকৃত পানির পাম্প ও আনুষঙ্গিক মালামাল উদ্ধার করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন- মহালছড়ি থানার ১ নং মহালছড়ি সদর ইউনিয়নের চোংড়াছড়ি মোমেনশাহী এলাকার মোঃ নাঈম ইসলাম(২৫), পিতা: মো. হাবিবুর রহমান, মোঃ মুকুল আমিন ওরফে লালন(২৫), পিতা: মোঃ জহুরুল মিয়া এবং মোঃ হামেদ আলী ওরফে বাবু(২৪), পিতা: মো. শাহ জামাল।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১৬ অক্টোবর(২০২৬) রাত আনুমানিক ১২:৩০ থেকে সংলগ্ন ভোর ২:৩০ ঘটিকার মধ্যে মহালছড়ি থানাধীন ৫ নং ওয়ার্ডের চোংড়াছড়ি উত্তর পাড়া এলাকার বাসিন্দা মোছা. মরিয়ম আক্তারের বসতবাড়ির পশ্চিম পাশে রাস্তার সীমানায় থাকা সিমেন্টের তৈরি মঠের ঢাকনা সরানো দেখা যায়। পরবর্তীতে দেখতে পান যে ভিতরে থাকা পানির মটর, পানির পাইপ এবং ক্যাবল তার চুরি হয়ে গেছে।
পরবর্তীতে মরিয়মের ভাতিজা মোঃ হামিদুল ইসলাম ও আয়মান আলীর তথ্যের ভিত্তিতে জানতে পারেন, আসামি মুকুল আমিন লালন উক্ত পানির পাম্পটি চুরি করে বিক্রি করার উদ্দেশ্যে নিয়ে যায়।
পরদিন ১৭ অক্টোবর সকাল আনুমানিক ১০:২০ টায় সময় আসামিরা চোরাইকৃত পানির পাম্পটি বিক্রির উদ্দেশ্যে চোংড়াছড়ি গুচ্ছগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে নিয়ে আসলে স্থানীয় জনগণ ও ইউপি সদস্য তাদের হাতেনাতে আটক করে। পরে সেনাবাহিনী ও মহালছড়ি থানা পুলিশকে সংবাদ দেওয়া হলে তারা ঘটনাস্থলে পৌঁছে আসামিদের জিজ্ঞাসাবাদ করেন। জিজ্ঞাসাবাদে আসামিরা রাতের অন্ধকারে সিমেটের মঠের রড কেটে পানির পাম্পটি চুরি করার কথা স্বীকার করে।
পুলিশ ও সেনাবাহিনীর উপস্থিতিতে আসামিদের হেফাজত থেকে আনুমানিক ৭,০০০ টাকা মূল্যের ১টি কালো ও নীল রঙের ‘XPART’ ব্র্যান্ডের ওয়াটার পাম্প, পাইপ ও ইলেকট্রিক তার উদ্ধার ও জব্দ করা হয়।
এ ঘটনায় ভুক্তভোগী মোছাঃ মরিয়ম আক্তার বাদী হয়ে ১৭ অক্টোবর মহালছড়ি থানায় একটি মামলা দায়ের করেন (মামলা নং- ০৩, তারিখ: ১৭/১০/২০২৬)। পেনাল কোডের ৩৭৯/৪১১ ধারায় মামলাটি রুজু করা হয়েছে।
মহালছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে প্রেরণ করা হচ্ছে।
Leave a Reply