একতা ডেস্কঃ অন্তর্বর্তীকালীন সরকার মাজারে হামলা প্রতিহতের ব্যাপারে ‘জিরো টলারেন্স নীতি’ গ্রহণ করেছে। পুলিশের সব ইউনিটকে কঠোরভাবে মামলা তদন্ত এবং হামলার ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের নির্দেশ দেওয়া হয়েছে। মাজার ও দরগাহ’র নিরাপত্তা ও সুরক্ষার ওপর সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়।
পুলিশ প্রতিবেদনের বরাত দিয়ে বলা হয়, গত ৫ মাসে (৪ আগস্ট থেকে) সারা দেশের ৪০টি মাজারে ৪৪টি হামলা, ভাঙচুর, লুটপাট ও আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। সবচেয়ে বেশি হামলার ঘটনা ঘটেছে ঢাকা বিভাগে। এই বিভাগে ১৭টি মাজারে হামলার ঘটনা ঘটেছে। এরপর চট্টগ্রাম বিভাগে ১০টি ও ময়মনসিংহ বিভাগে সাতটি হামলা হয়েছে। এর মধ্যে ময়মনসিংহের শেরপুরে একটি মাজারে চারবার হামলা হয়েছে।
সংঘটিত ৪৪টি হামলার ঘটনার সব কটিতেই আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে। এমনকি হামলায় ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের কাছ থেকে অভিযোগ পাওয়ার পর এবং কোনো কোনো ক্ষেত্রে পুলিশ স্বপ্রণোদিত হয়ে বিভিন্ন থানায় ১৫টি নিয়মিত মামলা এবং ২৯টি জিডি করেছে। এসব ফৌজদারি মামলায় ২৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া দুটি নিয়মিত মামলায় এরই মধ্যে আদালতে চার্জশিট জমা দেওয়া হয়েছে। আরও ১৩টি নিয়মিত মামলা এবং ২৯টি সাধারণ ডায়েরির তদন্ত চলমান।

Leave a Reply