একতা ডেস্কঃ অতিরিক্ত অর্থ আয়ের লোভে দুবাই থেকে থাইল্যান্ডে যাওয়ার চেষ্টাকালে মানব পাচারকারীর খপ্পরে পড়েন ১৯ বাংলাদেশি। মানবপাচারকারীরা তাদের থাইল্যান্ডের নেওয়ার কথা বলে মিয়ানমার-থাইল্যান্ড সীমান্তের মায়াওয়াডি-মেসোট অঞ্চলের বন্দি শিবিরে নিয়ে যায়। অবশেষে তাদের মুক্ত করা সম্ভব হয়েছে। ১৯ মার্চ, বুধবার রাত পৌনে ২টার দিকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দেরে অবতরণ করেন মুক্ত বাংলাদেশিরা।
গতকাল ১৮ মার্চ, মঙ্গলবার ইয়াঙ্গুন এবং ব্যাংককের বাংলাদেশ দূতাবাসের কূটনৈতিক তৎপরতায় তাদের মুক্ত করা হয়। মিয়ানমারের বন্দি শিবির থেকে মুক্ত করা ১৯ বাংলাদেশি নাগরিককে থাইল্যান্ডে নেওয়া হয়। সেখান থেকে তাদের দেশে ফেরত আনা হলো।
অতিরিক্ত অর্থ কামানোর লোভে এই বাংলাদেশিরা দুবাই থেকে থাইল্যান্ড যান। থাইল্যান্ডের নামে এই বাংলাদেশিদের মানব পাচারের সঙ্গে সংশ্লিষ্টরা মিয়ানমার-থাইল্যান্ড সীমান্তের মায়াওয়াডি-মেসোট অঞ্চলের বন্দি শিবিরে নিয়ে যান। এসব বন্দি শিবিরগুলো মূলত মিয়ানমারে অবস্থিত। সেখানে প্রায় ৩০টি বন্দি শিবির রয়েছে। থাইল্যান্ড-মিয়ানমার যৌথ বাহিনী অতি সম্প্রতি অভিযান চালিয়ে এরকম ৪/৫টি বন্দি শিবির গুঁড়িয়ে দিয়েছে। এসব বন্দি শিবিরে আইটি খাতের লোকজনদের অতিরিক্ত অর্থ আয়ের লোভ দেখিয়ে নিয়ে যাওয়া হয়। সেখানে নিয়ে যাওয়ার পর জোরপূর্বক কাজ করানো হয়, অনেক সময় টার্গেট পূরণ করতে না পারলে নির্যাতন করা হয় এবং এসব বন্দি শিবিরের এলাকা থেকে কাউকে বাইরে বের হতে দেওয়া হয় না।
সম্প্রতি ভিয়েতনাম ও হংকংয়ে চাকরির প্রলোভনে ভিজিট ভিসায় গমন করে অনেকেই প্রতারণার শিকার হচ্ছে। সেজন্য নৌপথে মিয়ানমার, থাইল্যান্ড অথবা ইন্দোনেশিয়া হয়ে অস্ট্রেলিয়া যাওয়ার প্রস্তাব পেলে অবশ্য যাচাইপূর্বক গমন করার পরামর্শ দিয়েছেন স্থানীয় কূটনীতিকরা।
স্থানীয় এক কূটনীতিক জানান, সম্প্রতি মানবপাচারের এই রুটে গমন করে বেশকিছু বাংলাদেশি নাগরিক অস্ট্রেলিয়ান কোস্টগার্ড হাতে আটক হয়ে দেশে ফেরত এসেছে।

Leave a Reply