একতা ডেস্কঃ যশোর জেলার ঝিকরগাছায় গাজীর দরগাহ ও মণিরামপুরে পৃথক সড়ক দূর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে ১৫ জন। এরমধ্যে গাজীর দরগাহ্ ফিলিং স্টেশনের সামনে মোটরসাইকেল আরোহীকে বাঁচাতে গিয়ে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে চাপা দেয় এলাকার মাওলানা হাফিজুর রহমানের ছেলে মোস্তাফিজুর রহমান বুলু মিয়া গাজীকে (৫০)। তিনি ঘটনাস্থলেই মারা যান। খেদাপাড়া সরসকাটি এলাকায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আফজাল হোসেন নামে এক যুবক নিহত হয়েছেন। আহতদের মধ্যে বাসের চালক শামসুর রহমান ও মোটরসাইকেল আরোহী ডুমদিয়া জামে মসজিদের ইমাম আহসান কবীরের অবস্থা আশঙ্কাজনক।
থানা সূত্র থেকে তথ্য মিলেছে, ২১ ডিসেম্বর দুপুর ১২টা ৪৫ মিনিটের দিকে ঢাকা থেকে ছেড়ে আসা সাতক্ষীরাগামী এসপি গোল্ডেন লাইন নামের ঢাকা মেট্রো-ব ১৫-৩৫৪০ নাম্বারের একটি এসি কোচ দ্রুত গতিতে আসছিল। গাজীর দরগাহ পাম্পের সামনে পৌঁছালে রাস্তা ক্রস করতে যাওয়া এক মোটরসাইকেল আরোহীকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে বাসটি। এসময় পথচারী বুলু মিয়াকে চাপা দিয়ে বাসটি সড়কের পাশে গাছের সাথে সজোরে ধাক্কা খায়। এতে বাসের সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। আর বুলু মিয়া (৫০) নিহত হন। এ সময় স্থানীয় জনতা বাসের প্রায় ১৫ জন যাত্রীকে আহত অবস্থায় উদ্ধার করেন। পরবর্তীতে খবর পেয়ে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের কর্মীরা উপস্থিত হয়ে উদ্ধার কার্যক্রম চালান।
ঝিকরগাছা উপজেলা ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ নয়ন বাবু জানিয়েছেন, বাস দূর্ঘটনায় একজন পথচারী মারা গেছেন। বাসের চালক ও এক মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হয়েছেন। তারা ঘটনাস্থলে আসার আগে স্থানীয় জনগন বাকি আহতদের উদ্ধার করে স্থানীয়ভাবে চিকিৎসা দেয়ার ব্যবস্থা করেন। এসময় মোস্তাফিজুর রহমান বুলু মিয়ার মরদেহ উদ্ধার করা হয়। আহতদের মধ্যে বাসের চালক ও মোটরসাইকেল আরোহীকে গুরুতর অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আরো কয়েকজনকে যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। মণিরামপুর থানার অফিসার ইচার্জ নূর মোহাম্মদ গাজী জানিয়েছেন, একইদিন দুপুরে খেদাপাড়া সরসকাটি এলাকায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘষ হয়। এসময় আফজাল হোসেন নামে এক যুবক নিহত হন।

Leave a Reply