ইলিয়াছ সুমন, সন্দ্বীপ (চট্টগ্রাম) প্রতিনিধিঃ হলফনামায় আমেরিকান নাগরিকত্বের তথ্য গোপন করার অভিযোগে চট্টগ্রাম-৩(সন্দ্বীপ) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত প্রার্থী আমজাদ হোসাইনের প্রার্থিতা বাতিল করেছেন জেলা রিটার্নিং অফিসার।
শুক্রবার(২ জানুয়ারি) বিকেলে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মো. জাহিদুল ইসলাম মিঞা যাচাই-বাছাই শেষে তার মনোনয়নপত্র বাতিল করেন।
এ সিদ্ধান্তের পর শনিবার(৩ জানুয়ারি) সকাল ১১ টায় দলের খন্তার হাট কার্যালয়ে উদ্ভূত পরিস্থিতিতে সন্দ্বীপবাসীর আবেগ ও উৎকণ্ঠা নিরসনে সংবাদ সম্মেলন করেন অধ্যাপক আমজাদ হোসাইন। তিনি বলেন, “আমি আমার হলফনামায় স্থাবর ও অস্থাবর সম্পত্তির সব তথ্য উল্লেখ করেছি। কোনো তথ্য গোপন করিনি। একটি রাজনৈতিক দল আমার বিরুদ্ধে রিটার্নিং কর্মকর্তার কাছে অভিযোগ দিয়েছে যে আমি দ্বৈত নাগরিক। বিষয়টি সত্য নয়। আমি বাংলাদেশের বৈধ পাসপোর্ট ব্যবহার করি।”
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ সন্দ্বীপ শাখার সভাপতি মীর মোহাম্মদ ইসমাইল, সাধারণ সম্পাদক মাওলানা সুলতানুল ইসলাম, তথ্য ও প্রচার সম্পাদক মাহমুদুল ইসলাম এবং ইসলামী যুব আন্দোলনের সভাপতি মাওলানা সানাউল্লাহসহ স্থানীয় নেতৃবৃন্দ।
Leave a Reply