একতা ডেস্কঃ সৌদি আরব পৌঁছেছেন চলতি বছর পবিত্র হজ পালন করতে বাংলাদেশ থেকে এখন পর্যন্ত ৫৪ হাজার ৪৯৭ (প্রায় সাড়ে চুয়ান্ন হাজার) বাংলাদেশি। ২৩ মে, শুক্রবার হজ সম্পর্কিত সবশেষ বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে। ১৪১টি ফ্লাইটে ৫৪ হাজার ৪৯৭ বাংলাদেশি সৌদি আরব পৌঁছেছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৫৮৩ জন ও বেসরকারি ব্যবস্থাপনায় ৪৯ হাজার ৯১৪ হজযাত্রী রয়েছেন।
১৪১টি ফ্লাইটের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ৭৩টি, সৌদি এয়ারলাইনসের ৪৭টি এবং ফ্লাইনাস এয়ারলাইনস ২১টি ফ্লাইট পরিচালনা করেছে। চলতি বছর হজ করতে গিয়ে এখন পর্যন্ত ৯ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৮ পুরুষ ও একজন নারী। এরা হলেন, জামালপুর বকশীগঞ্জের হাফেজ উদ্দিন (৭৩), রাজবাড়ীর খলিলুর রহমান, কিশোরগঞ্জের মোঃ ফরিদুজ্জামান, পঞ্চগড়ের আল হামিদা বানু, ঢাকার মোহাম্মদপুরের মো. শাহজাহান কবীর, নীলফামারির ফয়েজ উদ্দীন (৭২), চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার অহিদুর রহমান (৭২), গাজীপুর সদরের জয়নাল হোসেন (৬০) ও চাঁদপুর মতলবের আব্দুল হান্নান মোল্লা (৬৩)।
চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৫ জুন এ বছরের হজ অনুষ্ঠিত হবে। সে লক্ষ্যে হজযাত্রীদের সৌদি আরবে যাত্রার প্রথম ফ্লাইট ছেড়েছে ২৯ এপ্রিল এবং শেষ ফ্লাইট যাবে ৩১ মে। আর ফিরতি ফ্লাইট শুরু হবে ১০ জুন এবং শেষ ফিরতি ফ্লাইট ১০ জুলাই দেশে পৌঁছাবে।
Leave a Reply