একতা ডেস্কঃ ইতালির রাজধানী রোমে পরমাণু ইস্যুতে যুক্তরাষ্ট্র ও ইরানের কর্মকর্তাদের মধ্যে আলোচনা হওয়ার কথা থাকলেও সেটি এখন স্থপিত হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন ইরানের এক ঊর্ধ্বতন কর্মকর্তা। তিনি বলেছেন, দুই পক্ষের বসার নতুন তারিখ ‘ওয়াশিংটনের অবস্থানের ওপর নির্ভর করে’ ঠিক করা হবে। বৃহস্পতিবার বার্তা সংস্থা রয়টার্সকে তিনি এ কথা বলেছেন। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চতুর্থ দফার এ আলোচনার শনিবার রোমে হওয়ার কথা ছিল।
এই ইরানি কর্মকর্তা বলেন, পরমাণু আলোচনা চলাকালে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা কুটনীতিক উপায়ে বিরোধ মেটাতে সহায়ক নয়। যুক্তরাষ্ট্রের অবস্থানের ওপর নির্ভর করে, আলোচনার পরবর্তী দফার তারিখ জানানো হবে। তেহরান ও ওয়াশিংটনের মধ্যে আপের দফার আলোচনাগুলোতে মধ্যস্থতা করা ওমান বৃহস্পতিবার জানিয়েছে, পরমাণু নিয়ে দুই পক্ষের পরবর্তী আলোচনা প্রাথমিকভাবে ৩ মে করার পরিকল্পনা ছিল, কিন্তু লজিস্টিকাল কারণে এ তারিখ এখন নতুন করে ঠিক করা লাগবে।
আলোচনা সংশ্লিষ্ট একটি সূত্র রয়টার্সকে বলেছে, যুক্তরাষ্ট্র কখনোই রোমের চতুর্থ দফার আলোচনায় তাদের অংশগ্রহণের বিষয়টি নিশ্চিতই করেনি। কবে, কখন, কোথায় পরবর্তী দফার আলোচনা হবে তা এখন পর্যন্ত ঠিক হয়নি, তবে শিপপিরই হবে বলে আশা করা হচ্ছে, বলেছে ওই সূত্রটি। ইয়েমেনের হুতিদের সমর্থনের ব্যাপারে ইরানকে ওয়াশিংটনের হুঁশিয়ারি এবং পরমাণু আলোচনা চলার মধ্যেই তেহরানের জ্বালানি খাতকে লক্ষ্য করে ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের নতুন নিষেধাজ্ঞার পর বৃহস্পতিবার ইরান ‘অসঙ্গত আচরণ ও উসকানিমূলক মন্তব্য করার দায়ে যুক্তরাষ্ট্রকে অভিযুক্তও করেছে।
কূটনীতি ব্যর্থ হলে ইরানের ওপর হামলার হুমকি দেওয়া ট্রাম্প এর আগে তেহরানের পারমাণবিক অস্ত্রধর হওয়া ঠেকাতে একটি চুক্তিতে পৌঁছানোর সম্ভাবনা নিয়ে আত্মবিশ্বাসী ছিলেন। কিন্তু ইয়েমেনের হতি ইস্যু দুই পক্ষের বিরোধ কমিয়ে আনার সম্ভাবনা ফিকে করে দিয়েছে।
বুধবার সামাজিক মাধ্যম এক্স এ এক বার্তায় হেগসেথ লিখেছেন, ইরানের প্রতি বার্তা: হুতিদের প্রতি আপনাদের প্রাণঘাতী সমর্থন আমরা দেখছি। আপনারা আসলে কী করছেন আমরা জানি। মার্কিন সামরিক বাহিনী কী করতে সক্ষম আপনারা খুব ভালোভাবে জানেন- আর আপনাদের সতর্ক করা হল। আমাদের পছন্দমতো সময়ে ও স্থানে আপনাদের পরিণতি ভোগ করতে হবে।
তেহরান ও ওয়াশিংটন, উভয়েই বলছে, তারা কূটনীতি অনুসরণে বদ্ধপরিকর। কিন্তু দুই দশকেরও বেশি সময় ধরে চলা বিরোধের কারণে তারা এখনও পরস্পর থেকে অনেক দূরে রয়েছে। সম্পর্ক উন্নয়নে শুক্রবার রোমে ইরানের সঙ্গে যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানিরও বৈঠক করার কথা ছিল।
কিন্তু এখন এ বৈঠক নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে, যুক্তরাষ্ট্র-ইরান বৈঠক স্থগিত হওয়ার কথা জানানো উর্ধ্বতন ইরানি কর্মকর্তা বৃহস্পতিবার রয়টার্সকে এ কথা জানান।
Leave a Reply