একতা ডেস্কঃ সিরাজগঞ্জ-২ আসনের সাবেক এমপি মোছা. জান্নাত আরা হেনরীকে অবৈধ সম্পদের মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেছেন আদালত। গতকাল সোমবার ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো. জাকির হোসেন (গালিব) গ্রেপ্তার দেখানোর এ আদেশ দেন। গত ১ জানুয়ারি হেনরীকে দুর্নীতির মামলায় গ্রেপ্তার দেখাতে আবেদন করে দুদক।
এ দিন হেনরীকে কারাগার থেকে আদালতে হাজির করার পর শুনানি হয়। গ্রেপ্তার দেখানোর জন্য আবেদনে তদন্ত কর্মকর্তা দুদকের সহকারী পরিচালক আসিফ আল মাহমুদ বলেন, আসামি হেনরীর বিরুদ্ধে ৫৭ কোটি ১৩ লাখ ৭ হাজার ২২৩ টাকা জ্ঞাত আয়ের উৎসের সাথে অসঙ্গতিপূর্ণ সম্পদ অর্জন এবং ৩৫টি ব্যাংক অ্যাকাউন্টে ২ হাজার ২ কোটি ৬৬ লাখ ৬৬ হাজার ৫৭৭ টাকার এবং ১৩ কোটি ৭৮ লাখ ৪৬ মার্কিন ডলারের সন্দেহজনক লেনদেনের অভিযোগ রয়েছে।
দুদকের প্রসিকিউটর মাহমুদ হোসেন জাহাঙ্গীর শুনানি করেন। শুনানি শেষে আদালত তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন। শুনানিকালে বিচারক হেনরীর কাছে জানতে চান, আপনি কি ২ হাজার ২ কোটি টাকার সম্পদের মালিক? হেনরী বলেন, এসব সম্পদ আয়কর ফাইলের সঙ্গে মিল রয়েছে। এর বাইরে আমার কিছু জানা নেই। পাবলিক প্রসিকিউটর (পিপি) মাহমুদ হোসেন জাহাঙ্গীর বলেন, আয়কর দিলেও সম্পদ বৈধ না। এ ক্ষেত্রে সম্পদের উৎস থাকতে হবে। এ মামলায় তাকে গ্রেপ্তার দেখানোর প্রার্থনা করছি। পরে আদালত তাকে এ মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

Leave a Reply