একতা ডেস্ক: নোয়াখালী জেলার বেগমগঞ্জ থেকে দেশীয় তৈরি একনলা বন্দুক ও ১৩টি মোবাইলসহ এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। ঢাকার ডিবি সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম ইউনিট (উত্তর) গতকাল বুধবার ভোরে উপজেলার কুতুবপুর ইউনিয়নের পশ্চিম কুতুবপুর গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া যুবকের নাম মো. ওমর ফারুক (১৯)। ওমর ফারুক কুতুবপুর গ্রামের আব্দুল হালিম মিয়াজী বাড়ির নুরুল ইসলামের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানিয়েছে, গত ১৪ অক্টোবর ঢাকার যমুনা ফিউচার পার্কের এসএম গেজেট বিডি নামে একটি মেবাইলের দোকান থেকে ১৬টি মোবাইল চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় ঢাকার ভাটারা থানায় মামলা করেন দোকানের মালিক। পরে তথ্য প্রযুক্তির সহায়তায় চুরি হওয়া মোবাইল উদ্ধারে বেগমগঞ্জ থানার সহযোগিতায় অভিযানে নামে ঢাকার ডিবি সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম ইউনিটের (উত্তর) একটি দল। অভিযানে চুরি হওয়া মোবাইল এবং একটি একনলা বন্দুকসহ ওমর ফারুককে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লিটন দেওয়ান বলেন, উদ্ধার হওয়া মোবাইল বাটারা থানার মামলার আলামত হিসেবে জব্দ দেখানো হয়েছে। অস্ত্র উদ্ধারের ঘটনায় বেগমগঞ্জ থানায় অস্ত্র আইনে একটি মামলা নেওয়া হয়েছে। ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আসামিকে নোয়াখালী চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হবে।

Leave a Reply