একতা ডেস্কঃ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ঢাকা কাস্টমস হাউজ মালয়েশিয়া থেকে আসা একটি ফ্লাইটের পাঁচ যাত্রীর কাছ থেকে ওয়েল্ডিং মেশিনের কয়েলের ভেতরে লুকানো ৭ কেজি স্বর্ণ জব্দ করেছে। গত সোমবার দিনগত রাতে তাদের স্বর্ণসহ আটক করা হয়। জব্দ করা স্বর্ণের বাজার মূল্য প্রায় ৭ কোটি ৫০ লাখ টাকা। আটককৃতরা হলেন- রুবেল হোসেন (২২), দুলাল আহম্মেদ (৩৫), সামিউল ইসলাম (৩৩), সবুজ আলি (২৪) ও সাগর মিয়া (২৭)। গতকাল মঙ্গলবার বিমানবন্দর কাস্টমসের যুগ্ম কমিশনার মো. আল আমিন এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মালয়েশিয়া থেকে আসা এয়ার এশিয়ার একটি ফ্লাইট সোমবার রাত আড়াইটায় বিমানবন্দরে অবতরণ করে। এরপর রাত সাড়ে ৩টার দিকে বাটিক এয়ারের আরেকটি ফ্লাইটও বিমানবন্দরে অবতরণ করে। গোপন সংবাদের ভিত্তিতে কাস্টমস হাউজের প্রিভেন্টিভ দল দুইটি উড়োজাহাজের পাঁচ সন্দেহভাজন যাত্রীর সঙ্গে আনা কম্বলে প্যাঁচানো অন্যান্য মালামালের সঙ্গে ওয়েল্ডিং মেশিন চিহ্নিত করে স্ক্যান করে। এ সময় প্রতিটি ওয়েল্ডিং মেশিনের কয়েলের ভেতরে মোট ৫টি সোনার চাকতি, ২টি সোনার টুকরা ও ১০০ গ্রাম স্বর্ণালঙ্কারের অস্তিত্ব পাওয়া যায়। যার ওজন প্রায় ৭ কেজি এবং বাজার মূল্য ৭ কোটি ৫০ লাখ টাকা। প্রাথমিক পরীক্ষায় সেগুলো সোনা বলে নিশ্চিত হলে জব্দ করা হয়। আসামিদের বিরুদ্ধে বিমানবন্দর থানায় ফৌজদারি মামলা দায়ের প্রক্রিয়া চলমান। চোরাচালানের মাধ্যমে আনা স্বর্ণের উৎস শনাক্ত করতে তদন্ত চলছে।

Leave a Reply