একতা ডেস্কঃ সাইবার অপরাধ মোকাবিলায় বাংলাদেশ পুলিশের জন্য স্বতন্ত্র ‘সাইবার পুলিশ ইউনিট’ গঠনের নীতিগত অনুমোদন দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। প্রাথমিকভাবে পুলিশের বিদ্যমান জনবল ও সরঞ্জাম ব্যবহার করে একজন অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শকের (অতিরিক্ত আইজিপি) নেতৃত্বে ইউনিটটির কার্যক্রম শুরু হবে।
পরে প্রয়োজন অনুযায়ী এর পূর্ণাঙ্গ সাংগঠনিক কাঠামো গড়ে তোলা হবে। গত ২১ সেপ্টেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-৩ শাখা থেকে পুলিশ মহাপরিদর্শকের কাছে পাঠানো এক চিঠিতে এ সিদ্ধান্ত জানানো হয়। উপসচিব তানভীর-আল-নাসীফ স্বাক্ষরিত চিঠিতে বিশেষায়িত ও স্বতন্ত্র সাইবার পুলিশ ইউনিট গঠনের নীতিগত অনুমোদনের কথা উল্লেখ করা হয়েছে।
চিঠিতে বলা হয়েছে, বিদ্যমান জনবল ও সরঞ্জাম দিয়েই অতিরিক্ত আইজিপির নেতৃত্বে ইউনিটটির কার্যক্রম শুরু করা যাবে। তবে এর পূর্ণাঙ্গ সাংগঠনিক কাঠামো, নতুন পদের সংখ্যা, যানবাহন ও অন্যান্য লজিস্টিক সুবিধা এখনো নির্ধারণ করা হয়নি।
এসব বিষয় চূড়ান্ত করতে প্রয়োজনীয় পদ সৃষ্টি এবং যানবাহন টিওঅ্যান্ডইভুক্ত করাসহ পূর্ণাঙ্গ প্রস্তাব তিন কার্যদিবসের মধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠাতে পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে।
বর্তমানে সাইবার অপরাধের তদন্ত, ডিজিটাল প্রমাণ সংগ্রহ ও বিশ্লেষণ এবং ডিজিটাল ফরেনসিকের কাজ পুলিশের বিভিন্ন ইউনিটে আলাদাভাবে পরিচালিত হচ্ছে। পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি), ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সাইবার ইউনিটসহ সংশ্লিষ্ট অন্যান্য শাখা এসব দায়িত্ব পালন করছে।
নতুন সাইবার পুলিশ ইউনিট গঠনের মাধ্যমে এসব কার্যক্রমকে একটি স্থায়ী ও সমন্বিত কাঠামোর আওতায় আনার উদ্যোগ নেওয়া হয়েছে।
Leave a Reply