একতা ডেস্কঃ মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মোহাম্মদ আলী মারা গেছেন। সোমবার স্থানীয় সময় সকাল ৯টা ২০ মিনিটে দেশটির ন্যাশনাল হার্ট ইনস্টিটিউটে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ১০০ বছর।
স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
পেশায় চিকিৎসক সিতি হাসমাহ সাবেক প্রধানমন্ত্রীর স্ত্রী হিসেবে নিজের অবস্থান কাজে লাগিয়ে বিভিন্ন সামাজিক ও জনস্বাস্থ্য বিষয়ে কাজ করেছেন। মাতৃস্বাস্থ্য, পরিবার পরিকল্পনা, সাক্ষরতা, মাদকাসক্তি প্রতিরোধ ও মানসিক স্বাস্থ্য নিয়ে তাঁর কার্যক্রম ছিল উল্লেখযোগ্য।
গত ১২ জুলাই নিজের ১০০তম জন্মদিন পালন করেন সিতি হাসমাহ। এর পরের মাসে আসিয়ান রেকর্ডস তাঁকে সাবেক প্রধানমন্ত্রীর জীবিত স্ত্রীদের মধ্যে সবচেয়ে বয়স্ক হিসেবে স্বীকৃতি দেয়।
তাঁর মৃত্যুতে শোক জানিয়েছেন মালয়েশিয়ার রাজা সুলতান ইব্রাহিম সুলতান ইস্কান্দার। সোমবার ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি সিতি হাসমাহর পরিবারের প্রতি সমবেদনা জানান।
শোকবার্তায় সুলতান ইব্রাহিম বলেন, প্রিয় পরিবারের সদস্যকে হারানোর এই শোক সামলে উঠতে তাঁর পুরো পরিবারকে শক্তি, দৃঢ়তা ও ধৈর্য দেওয়ার জন্য রাজা ও রানি প্রার্থনা করেছেন।
মাহাথির মোহাম্মদের বর্তমান বয়স ১০১ বছর। তিনি দুই মেয়াদে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। প্রথম দফায় ১৯৮১ থেকে ২০০৩ সাল পর্যন্ত এবং দ্বিতীয় দফায় ২০১৮ থেকে ২০২০ সাল পর্যন্ত তিনি দেশটির প্রধানমন্ত্রী ছিলেন।
১৯৫৬ সালে মাহাথির মোহাম্মদ ও সিতি হাসমাহর বিয়ে হয়। গত আগস্টে তাঁদের দাম্পত্য জীবনের ৭০ বছর পূর্ণ হয়।
Leave a Reply