একতা ডেস্কঃ জুলাই মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমানের পক্ষে বিদেশি আইনজীবী নিয়োগের বিষয়ে বার কাউন্সিলকে নির্দেশনা চেয়ে করা আবেদনের শুনানি আগামী ২৬ অক্টোবর অনুষ্ঠিত হবে। সোমবার বিচারপতি মো. শফিউল আলম মাহমুদের নেতৃত্বাধীন দুই সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ তারিখ নির্ধারণ করেন।
সোমবারের শুনানিতে প্রসিকিউশনের পক্ষ থেকে সময় চাওয়া হয়। প্রসিকিউটর মিজানুল ইসলাম বলেন, বিদেশি আইনজীবী নিয়োগের বিষয়ে বার কাউন্সিলকে নির্দেশনা চেয়ে করা আবেদনটি গুরুত্বপূর্ণ। এ বিষয়ে শুনানির সময় চিফ প্রসিকিউটরের উপস্থিতি প্রয়োজন। তিনি বর্তমানে ছুটিতে থাকায় অক্টোবরের শেষ দিকে শুনানির তারিখ দেওয়ার অনুরোধ জানান। মামলাটিও প্রায় শেষ পর্যায়ে রয়েছে বলে জানান তিনি।
অন্যদিকে সালমান এফ রহমানের পক্ষে সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী মুনসুরুল হক চৌধুরীসহ অন্য আইনজীবীরা উপস্থিত ছিলেন। তিনি ট্রাইব্যুনালকে বলেন, বিদেশি আইনজীবী নিয়োগের আবেদনটি অনেক পুরোনো এবং এ বিষয়ে ট্রাইব্যুনাল এরই মধ্যে একটি আদেশ দিয়েছেন। তবে বিচার চলাকালে বিদেশি আইনজীবীর উপস্থিতি প্রয়োজন বলেও তিনি উল্লেখ করেন।
উভয় পক্ষের বক্তব্য শোনার পর ট্রাইব্যুনাল ২৬ অক্টোবর পরবর্তী শুনানির দিন নির্ধারণ করেন।
সালমান এফ রহমানের পক্ষে ট্রাইব্যুনালে আইনি লড়াই করতে বিদেশি আইনজীবী নিয়োগের অনুমতি চেয়ে গত ১৪ আগস্ট বাংলাদেশ বার কাউন্সিলে আবেদন করেন লন্ডনের ডাউটি স্ট্রিট চেম্বারের কাউন্সেল গ্রায়েম এল হল। ২৪ আগস্ট আবেদনটি গ্রহণ করে বার কাউন্সিল।
এর আগে ২০২৫ সালের ১০ ডিসেম্বর বিদেশি আইনজীবী নিয়োগের অনুমতি চেয়ে ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান বিচারপতি মোঃ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন বিচারিক প্যানেলে আবেদন করেন মুনসুরুল হক চৌধুরী।
এই মামলায় সালমান এফ রহমানের পাশাপাশি সাবেক আইনমন্ত্রী আনিসুল হককেও আসামি করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে এরই মধ্যে ট্রাইব্যুনালে ১২ জন সাক্ষী সাক্ষ্য দিয়েছেন।
চলতি বছরের ১২ জানুয়ারি সালমান এফ রহমান ও আনিসুল হকের বিরুদ্ধে পাঁচটি অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরুর আদেশ দেন ট্রাইব্যুনাল-১।
Leave a Reply