একতা ডেস্কঃ হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়া এবং সংঘাত অবসানে ইরানের দেওয়া প্রস্তাব মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রত্যাখ্যান করলেও কূটনৈতিক সমাধানের ওপর জোর দিচ্ছে তেহরান। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে বিরোধের সমাধান আলোচনার মাধ্যমেই সম্ভব।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় আরাকচি বলেন, ইরানের শর্তগুলো স্পষ্ট। হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার যেকোনো পদক্ষেপ এসব শর্ত পূরণের ওপর নির্ভর করবে। তাঁর মতে, আলোচনার মাধ্যমেই বর্তমান অচলাবস্থা থেকে বেরিয়ে আসার পথ তৈরি হতে পারে।
গত সপ্তাহে নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে ইরান একটি শান্তি প্রস্তাবের কথা জানায়। কাতারের মধ্যস্থতাকারীদের মাধ্যমে প্রস্তাবটি যুক্তরাষ্ট্রের কাছে পাঠানো হয়। শনিবার ট্রাম্প জানান, তিনি ওই প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন। তবে রোববার অ্যাক্সিওসকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, চলতি সপ্তাহে যুক্তরাষ্ট্রের আলোচকরা ইরানের সঙ্গে আরও আলোচনায় বসতে পারেন।
আরাকচি জানান, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যস্থতাকারীরা এখনো ওয়াশিংটনের পক্ষ থেকে প্রস্তাব প্রত্যাখ্যানের বিষয়ে তেহরানকে আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি। মধ্যস্থতাকারীদের কাছ থেকে চূড়ান্ত অবস্থান জানার অপেক্ষায় রয়েছে ইরান। এরপর পরবর্তী পদক্ষেপ নির্ধারণ করা হবে বলে জানান তিনি।
ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানও বলেছেন, পারমাণবিক কর্মসূচি ও অন্যান্য বিষয় নিয়ে আলোচনায় বসতে তেহরান প্রস্তুত। তবে কোনো ধরনের হুমকি বা জোর-জবরদস্তি মেনে নেওয়া হবে না বলে তিনি স্পষ্ট করেছেন।
এর আগে ইরান জানিয়েছিল, প্রস্তাবিত চুক্তির আওতায় হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়া এবং আঞ্চলিক সংঘাত সাময়িকভাবে বন্ধ করতে সাত দিনের একটি সময়সীমা শুরু হতে পারে। যুক্তরাষ্ট্র সম্মতি দিলে পারমাণবিক কর্মসূচিসহ বিভিন্ন বিষয়ে আরও বিস্তৃত আলোচনা হতে পারে বলেও জানিয়েছিল তেহরান।
Leave a Reply