মুন্সী হাবিবুল্লাহঃ বিশ্ব নদী দিবস ২০২৬ উপলক্ষে মাগুরায় নদী ও খাল পরিচ্ছন্নতা কার্যক্রম, সাঁতার প্রতিযোগিতা এবং নারীদের কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার(৩০ সেপ্টেম্বর) মাগুরা সদর উপজেলার কৃষ্ণরামপুর(কেচুয়াডুবি) এলাকায় ফটকি নদীতে এ কর্মসূচির আয়োজন করা হয়। সেন্টার ফর ন্যাচারাল রিসোর্স স্টাডিজ (সিএনআরএস) এর উদ্যোগে এবং সুইডিশ দূতাবাস, ঢাকা, বাংলাদেশ এর অর্থায়নে আয়োজিত এ অনুষ্ঠানে সহযোগিতা করে মাগুরা সদর ও শালিখা উপজেলা মৎস্য দপ্তর।
বিশ্ব নদী দিবসের এবারের প্রতিপাদ্য “No Forest, No Rivers, No Water, No Life” বাংলায়, “বন, নদী, পানি নেই তো জীবন নেই”। প্রতিপাদ্যকে সামনে রেখে নদী-খাল রক্ষা, পরিচ্ছন্নতা এবং জলজ পরিবেশ সংরক্ষণে জনসচেতনতা তৈরির ওপর গুরুত্ব দেওয়া হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শালিখা উপজেলা নির্বাহী অফিসার তানভীর হাসান চৌধুরী, মাগুরা জেলা মৎস্য কর্মকর্তা সাধন চন্দ্র সরকার, শালিখা উপজেলা মৎস্য কর্মকর্তা ওমর সানি, সাইট অফিসার মো. সাহিদুল ইসলাম, সাংবাদিকবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
কর্মসূচির অংশ হিসেবে ফটকি নদী ও আশপাশের জলাশয় পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হয়। পরে নদীতে সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় প্রথম পুরস্কার গ্রহণ করেন প্রান্ত।
এছাড়া স্থানীয় নারীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় কুইজ প্রতিযোগিতা। এতে নদী, পানি, পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণ বিষয়ে বিভিন্ন প্রশ্নের মাধ্যমে অংশগ্রহণকারীদের সচেতনতা বৃদ্ধির উদ্যোগ নেওয়া হয়।
আয়োজকরা বলেন, নদী শুধু পানি প্রবাহের মাধ্যম নয়; নদীকে ঘিরে মানুষের জীবন-জীবিকা, কৃষি, মৎস্যসম্পদ ও জীববৈচিত্র্য নির্ভরশীল। তাই নদী ও জলাশয় দূষণমুক্ত রাখা এবং প্রাকৃতিক সম্পদ সংরক্ষণে স্থানীয় জনগণের সক্রিয় অংশগ্রহণ জরুরি।
“Biodiversity for Resilient Livelihoods(B4RL) in the Modified Ganges Delta of Bangladesh” প্রকল্পের আওতায় আয়োজিত এ কর্মসূচির মাধ্যমে নদী ও জলজ সম্পদ রক্ষায় স্থানীয় পর্যায়ে সচেতনতা আরও জোরদার হবে বলে প্রত্যাশা করেন সংশ্লিষ্টরা।
Leave a Reply