একতা ডেস্কঃ দেশে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ‘অপারেশন ক্লিন হার্ট’-এর মতো কোনো অভিযান চালানোর পরিকল্পনা সরকারের নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। একই সঙ্গে এ উদ্দেশ্যে নতুন কোনো যৌথ বাহিনী গঠনের পরিকল্পনাও সরকারের নেই বলে জানিয়েছেন তিনি।
বৃহস্পতিবার রাজধানীর তেজগাঁওয়ে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর নতুন সদর দপ্তরের ‘শুভারম্ভ ফলক’ উন্মোচন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।
তিনি জানান, আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আলাদা কোনো যৌথ বাহিনী গঠন কিংবা অতীতে পরিচালিত ‘অপারেশন ক্লিন হার্ট’-এর আদলে অভিযান চালানোর বিষয়ে সরকারের কোনো চিন্তাভাবনা নেই।
সালাহউদ্দিন আহমদ আরও বলেন, নতুন কোনো বাহিনী গঠনের বিষয়ে সরকার প্রকাশ্যে কোনো ঘোষণাও দেয়নি। তবে দেশজুড়ে অপরাধ দমন ও মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীগুলোর সমন্বয়ে চলমান যৌথ অভিযান আরও জোরদার করা হবে।
সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করা এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ, আনসারসহ সংশ্লিষ্ট সব বাহিনীকে সমন্বিতভাবে আরও সক্রিয় ও তৎপর থাকার নির্দেশনা দেওয়া হয়েছে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী।
Leave a Reply