সিংড়ায় গরু উধাওয়ের ঘটনায় পুলিশের অভিযান, আদালতে সোপর্দ
একতা ডেস্ক: শালিখায় গরু চুরির অভিযোগে তিনজনকে গ্রেফতার করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার (১ অক্টোবর) ভোররাতে উপজেলার সিংড়া পুলিশ ক্যাম্পের এসআই বিপ্লব হোসেনের নেতৃত্বে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, গত ২৩ সেপ্টেম্বর সকালে ধনেশ্বরগাতী ইউনিয়নের সিংড়া গ্রামের বাসিন্দা নৃপেন্দ্রনাথ রায় একটি গরু বাড়ি থেকে বের করে সিংড়া কলেজের পাশে ঘাস খাওয়ানোর জন্য বেঁধে রাখেন। মাত্র দুই ঘণ্টা পর সেখানে গিয়ে দেখা যায়-গরুটি আর নেই। আশপাশের এলাকায় খোঁজ করেও গরুটির সন্ধান না পেয়ে তিনি শালিখা থানায় অভিযোগ করেন।
অভিযোগের পরই নড়েচড়ে বসে পুলিশ। ঘটনার তদন্তের পাশাপাশি উপজেলার বিভিন্ন এলাকায় সংঘটিত গরু চুরির ঘটনাগুলোও খতিয়ে দেখতে শুরু করে আইনশৃঙ্খলা বাহিনী। এরই মধ্যে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তিনজনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার ব্যক্তিরা হলেন বলাই নাঘোসা গ্রামের মৃত বাবর আলীর ছেলে মাহফুজ আহমেদ (৩৪), বড় আমিয়ান গ্রামের জাহাঙ্গীর খাঁর ছেলে আকাশ খাঁ (৩০) এবং ছোট আমিয়ান গ্রামের মশিয়ার সিকদারের ছেলে মুন্না সিকদার (২৯)।
পুলিশের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও তদন্তের পর তাদের গ্রেফতার দেখানো হয়েছে। পরে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাদের আদালতে সোপর্দ করা হয়।
এদিকে গরু চুরির ঘটনায় তিনজন গ্রেফতারের খবরে এলাকায় বিষয়টি নিয়ে আলোচনা সৃষ্টি হয়েছে। চুরি যাওয়া গরুটির সন্ধান এবং এ ঘটনায় আরও কেউ জড়িত কি না, তা তদন্ত করে দেখছে পুলিশ।
শালিখা থানা পুলিশ জানিয়েছে, গরু চুরিসহ বিভিন্ন অপরাধের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে এবং জড়িতদের আইনের আওতায় আনা হবে।
Leave a Reply