একতা ডেস্কঃ বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা-৩ আসনের সংসদ সদস্য গয়েশ্বর চন্দ্র রায় অভিযোগ করেছেন, শেখ হাসিনাকে নিজেদের কৌশলগত স্বার্থে ব্যবহার করছে প্রতিবেশী দেশ। তাঁর দাবি, শেখ হাসিনার দেশে ফেরার বিষয়ে যেসব বক্তব্য সামনে আসছে, সেগুলো তাঁর নিজের নয়; প্রতিবেশী দেশের লোকজন তাঁকে দিয়ে এসব বলাচ্ছেন।
গয়েশ্বর চন্দ্র রায় বলেন, শেখ হাসিনা এখন প্রতিবেশী দেশের কাছে ‘তুরুপের তাস’ হিসেবে ব্যবহৃত হচ্ছেন। তিনি দেশে ফিরতে চাইলেও ভারতের অনুমতি নিতে হবে বলে মন্তব্য করেন বিএনপির এই নেতা।
তাঁর ভাষ্য, শেখ হাসিনা লন্ডন কিংবা অন্য কোনো দেশে অবস্থান করলে তাঁকে ঘিরে রাজনৈতিক কৌশল বাস্তবায়ন করা দিল্লির জন্য কঠিন হতো। নিজেদের স্বার্থেই প্রতিবেশী দেশ তাঁকে ব্যবহার করছে বলে অভিযোগ করেন তিনি।
শেখ হাসিনার ডিসেম্বরে দেশে ফেরার আলোচনা প্রসঙ্গে গয়েশ্বর বলেন, বাংলাদেশের মানুষ চান শেখ হাসিনা দেশে ফিরে আসুন। কেরানীগঞ্জের মহিলা কারাগার চালু না হওয়ার প্রসঙ্গ টেনে তিনি বলেন, কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার চালু হলেও কেরানীগঞ্জের মহিলা কারাগার এখনো চালু হয়নি। ডিসেম্বরে শেখ হাসিনা দেশে ফিরলে তাঁকে বন্দী রেখে ওই কারাগার উদ্বোধন করা হবে বলেও মন্তব্য করেন তিনি।
কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ উমর ফারুকের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন তেঘরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী লাট মিয়া, তেঘরিয়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক খোরশেদ আলম জমিদারসহ স্থানীয় বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
Leave a Reply