মুন্সী হাবিবুল্লাহঃ মাগুরার শালিখা উপজেলায় মাদকবিরোধী অভিযান চালাতে গিয়ে ছুরিকাঘাতে রাকিবুল নামে পুলিশের এক উপপরিদর্শক (এসআই) আহত হয়েছেন। এ ঘটনায় অপু (পিতা: জালাল উদ্দিন) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। আটক ব্যক্তির বিরুদ্ধে চুরি, ডাকাতি ও ছিনতাইসহ থানায় মোট পাঁচটি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
মঙ্গলবা (১৩ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার হরিশপুর গ্রামের সাহেদ ইটভাটার মোড়ে এ ঘটনা ঘটে। আহত এসআইকে উদ্ধার করে শালিখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। চিকিৎসকেরা জানিয়েছেন, তিনি শঙ্কামুক্ত।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে হরিশপুর গ্রামের সাহেদ ইটভাটার মোড়ে মাদক কেনাবেচার খবর পেয়ে সেখানে অভিযান চালায় পুলিশ। এ সময় তিনজন মাদক কারবারি পালানোর চেষ্টা করেন। তাঁদের মধ্যে একজনকে আটক করতে সক্ষম হয় পুলিশ। পরে আটক ব্যক্তি ছুরি দিয়ে এসআই রাকিবুলের বাম হাতে আঘাত করেন। এতে তিনি আহত হন।
ঘটনার পর সহকর্মী পুলিশ সদস্যরা আহত এসআইকে দ্রুত শালিখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তাঁর চিকিৎসা দেওয়া হয়।
শালিখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আশিকুর রহমান জানান, আটক ব্যক্তির নাম অপু, তাঁর বাবার নাম জালাল উদ্দিন। তাঁর বিরুদ্ধে চুরি, ডাকাতি ও ছিনতাইসহ থানায় মোট পাঁচটি মামলা রয়েছে।
মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার থান্দার খায়রুল ইসলাম জানান, মাদকবিরোধী অভিযানে পুলিশের এক কর্মকর্তা আহত হয়েছেন। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। অন্য অভিযুক্তদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
মাদকবিরোধী অভিযানের সময় পুলিশ কর্মকর্তার ওপর ছুরিকাঘাতের এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
Leave a Reply