ছানোয়ার হোসেন, খাগড়াছড়ি জেলা প্রতিনিধিঃ খাগড়াছড়িতে শুরু হওয়া ‘বাঁশরী ওয়াদুদ আন্তঃ উপজেলা ফুটবল চ্যাম্পিয়নশিপ-২০২৬’-এ আগামীকাল শনিবার(১৭ অক্টোবর ২০২৬) মাঠে নামছে মহালছড়ি অনির্বাণ একাদশ। বেলা ২টায় রামগড় একাদশের মুখোমুখি হবে দলটি।
এ উপলক্ষে আজ শুক্রবার(১৬ অক্টোবর২০২৬) মহালছড়ি উপজেলা বিএনপির সভাপতি মোঃ আনোয়ার হোসেনের নেতৃত্বে মহালছড়ি অনির্বাণ একাদশের জার্সি উন্মোচন করা হয়। এ সময় দলের সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ ও স্থানীয় ক্রীড়াপ্রেমীরা উপস্থিত ছিলেন।
খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিতব্য এ প্রতিযোগিতার আয়োজন করেছে খাগড়াছড়ি জেলা ফুটবল অ্যাসোসিয়েশন। গত ১১ অক্টোবর প্রতিযোগিতার উদ্বোধন করেন খাগড়াছড়ি-২৯৮ আসনের সংসদ সদস্য ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ওয়াদুদ ভূইয়া।
আন্তঃ উপজেলা এ ফুটবল চ্যাম্পিয়নশিপকে ঘিরে স্থানীয় ক্রীড়াপ্রেমীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। আগামীকালের ম্যাচে মহালছড়ি অনির্বাণ একাদশ ভালো খেলা উপহার দিয়ে জয় ছিনিয়ে আনবে-এমন প্রত্যাশা করছেন সমর্থকরা।
মহালছড়ি অনির্বাণ একাদশের খেলোয়াড়দের উৎসাহ দিতে এবং দলকে সমর্থন জানাতে স্থানীয় ক্রীড়াপ্রেমীদের মাঠে উপস্থিত থাকার আহ্বান জানানো হয়েছে।
Leave a Reply