একতা ডেস্কঃ বিরোধী দল জুলাই গণ-অভ্যুত্থানের চেতনাকে ধারণ করছে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি অভিযোগ করেন, জুলাই গণ-অভ্যুত্থানে শহীদদের পরিবারের সদস্যদের নিয়ে আয়োজিত স্মৃতিস্তম্ভ উদ্বোধন অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হলেও যোগ দেননি বিরোধীদলীয় নেতা।
সোমবার(১৯ অক্টোবর) সকালে রাজধানীর ওসমানী উদ্যানে জুলাই স্মৃতিস্তম্ভের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।
তারেক রহমান বলেন, বিরোধিতা করতে গিয়ে আওয়ামী লীগকে আবার ফিরিয়ে আনার চেষ্টা করা হলে তা জুলাইয়ের শহীদদের সঙ্গে প্রতারণার শামিল হবে। তাঁর ভাষ্য, বিরোধী দল আগের অবস্থানে ফিরে গেছে।
প্রধানমন্ত্রী বলেন, বর্তমান বিরোধী দল কেবল বিরোধিতা করার জন্যই বিরোধিতা করছে। সরকারের বিরোধিতা করা তাদের দায়িত্ব হলেও সেটি গঠনমূলক হওয়া প্রয়োজন। সব বিষয়ে একমত হওয়া সম্ভব না হলেও দেশের মানুষের স্বার্থে মতপার্থক্য থাকা উচিত নয় বলে মন্তব্য করেন তিনি।
বিরোধীদলীয় নেতার অনুষ্ঠানে যোগ না দেওয়ার প্রসঙ্গ টেনে তারেক রহমান বলেন, একই মঞ্চে তাঁর সঙ্গে বসতে আপত্তি থাকলেও শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে বসার সুযোগ ছিল। তিনি বলেন, জনগণের ভোটেই বিএনপি সরকার গঠন করেছে এবং বিরোধী দলও জনগণের সমর্থন পেয়েছে।
প্রধানমন্ত্রী বলেন, নির্বাচনের আগে বর্তমান বিরোধী দল ও বিএনপি উভয়ই জনগণের কাছে গিয়েছিল। ভোটের মাধ্যমে জনগণই নির্ধারণ করেছে আগামী পাঁচ বছর কারা দেশ পরিচালনা করবে। তাঁর মতে, অনুষ্ঠানে অনুপস্থিত থেকে বিরোধী দল শহীদ পরিবারগুলোকেও অবজ্ঞা করেছে।
১৯৭১ সালের মুক্তিযুদ্ধ ও ২০২৪ সালের জুলাই আন্দোলনের প্রসঙ্গ তুলে তারেক রহমান বলেন, উভয় আন্দোলনের লক্ষ্য ছিল গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা। জুলাই আন্দোলনের মধ্য দিয়ে বাংলাদেশ গণতান্ত্রিক অধিকার ফিরে পেয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
প্রধানমন্ত্রী জানান, জুলাই স্মৃতিস্তম্ভে ৮১৩ জন শহীদের নাম লিপিবদ্ধ রয়েছে। তাঁদের আত্মত্যাগের বিনিময়ে দেশে গণতান্ত্রিক অধিকার পুনঃপ্রতিষ্ঠিত হয়েছে এবং গণতান্ত্রিক সরকার গঠিত হয়েছে। জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করে আগামী পাঁচ বছরের জন্য জাতীয়তাবাদী দলকে দেশ পরিচালনার দায়িত্ব দিয়েছে বলে তিনি উল্লেখ করেন।
Leave a Reply