একতা ডেস্কঃ যুক্তরাষ্ট্রের ২০২৭ সালের ডাইভারসিটি ভিসা (ডিভি) লটারির নিবন্ধন চালুর নির্দেশ দিয়েছেন দেশটির একটি ফেডারেল আদালত। নির্ধারিত সময়ে নিবন্ধন শুরু না হওয়ায় মার্কিন পররাষ্ট্র দপ্তরকে এ কর্মসূচি চালুর নির্দেশ দেওয়া হয়েছে। আদালতের আদেশ অনুযায়ী, আগামী ২৯ অক্টোবরের মধ্যে নিবন্ধনের সময়সূচি ঘোষণা এবং ১ নভেম্বরের মধ্যে আবেদন গ্রহণ শুরু করতে হবে। নিবন্ধন কার্যক্রম ৩০ দিন চালু রাখার নির্দেশও দেওয়া হয়েছে।
গত ১৪ অক্টোবর ক্যালিফোর্নিয়ার ফেডারেল আদালতের বিচারক জিনসুক ওহতা এ নির্দেশ দেন। পরে সংশ্লিষ্ট পক্ষগুলোর আবেদনের পরিপ্রেক্ষিতে নিবন্ধন শুরুর সময়সীমা সংশোধন করা হয়। তবে আদালতের নির্দেশ জারি হওয়া মানেই আবেদন গ্রহণ ইতিমধ্যে শুরু হয়েছে, এমন নয়। আবেদনকারীদের মার্কিন পররাষ্ট্র দপ্তরের আনুষ্ঠানিক ঘোষণার জন্য অপেক্ষা করতে হবে।
মামলাটি দায়ের করেছিল রেড ঈগল ল নামের একটি আইন প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটির অভিযোগ, নির্ধারিত সময়ে আবেদন গ্রহণ শুরু না করে মার্কিন পররাষ্ট্র দপ্তর কার্যত ২০২৭ সালের ডিভি লটারি কর্মসূচি আটকে রেখেছিল। এতে সম্ভাব্য আবেদনকারীদের পাশাপাশি ডিভি লটারিসংক্রান্ত আইনি সহায়তা দেওয়া প্রতিষ্ঠানটিরও আর্থিক ক্ষতি হয়েছে বলে আদালতে দাবি করা হয়। মামলায় মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ও পররাষ্ট্র দপ্তরকে বিবাদী করা হয়।
সরকারের পক্ষ থেকে যুক্তি দেওয়া হয়েছিল, নির্ধারিত সময় পেরিয়ে যাওয়ার পর নিবন্ধন শুরু করলে কর্মসূচির নিয়ম বাস্তবায়নে জটিলতা তৈরি হতে পারে। তবে বিচারক মনে করেন, সময়সীমা পেরিয়ে যাওয়ার কারণে কংগ্রেস অনুমোদিত কর্মসূচি বন্ধ রাখা গ্রহণযোগ্য নয়। এ পরিপ্রেক্ষিতে ডিভি-২০২৭ কর্মসূচি চালুর নির্দেশ দেওয়া হয়।
কী এই ডিভি লটারি?
যুক্তরাষ্ট্রের ডাইভারসিটি ভিসা কর্মসূচির আওতায় ঐতিহাসিকভাবে যুক্তরাষ্ট্রে কম অভিবাসী পাঠায়, এমন দেশগুলোর যোগ্য নাগরিকদের জন্য প্রতিবছর সর্বোচ্চ ৫৫ হাজার অভিবাসী ভিসা বরাদ্দ থাকে। নির্বাচিত ব্যক্তিরা নির্ধারিত যোগ্যতা ও অন্যান্য শর্ত পূরণ করে যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাসের সুযোগ পেতে পারেন।
অন্যান্য অনেক কর্মভিত্তিক অভিবাসন প্রক্রিয়ার মতো এ লটারিতে অংশ নিতে সাধারণত যুক্তরাষ্ট্রের কোনো প্রতিষ্ঠানের চাকরির প্রস্তাব বা নিয়োগকর্তার পৃষ্ঠপোষকতা প্রয়োজন হয় না। তবে লটারিতে নির্বাচিত হলেই গ্রিন কার্ড নিশ্চিত হয় না। আবেদনকারীদের প্রয়োজনীয় যোগ্যতা, নথিপত্র, সাক্ষাৎকার এবং অভিবাসন ও নিরাপত্তা যাচাইয়ের শর্ত পূরণ করতে হয়।
আবেদনের যোগ্যতা ও সতর্কতা
ডিভি লটারিতে আবেদনের জন্য সাধারণত উচ্চমাধ্যমিক শিক্ষা বা সমমানের শিক্ষাগত যোগ্যতা থাকতে হয়। বিকল্প হিসেবে নির্ধারিত শর্ত পূরণকারী পেশায় কাজের অভিজ্ঞতাও গ্রহণযোগ্য হতে পারে। পাশাপাশি আবেদনকারীর জন্মদেশের যোগ্যতা এবং অন্যান্য শর্ত প্রযোজ্য।
নিবন্ধন শুরু হলে আবেদনকারীদের মার্কিন পররাষ্ট্র দপ্তরের সরকারি ওয়েবসাইটে প্রকাশিত নির্দেশনা অনুসরণ করতে হবে। আবেদন জমা দেওয়ার আগে নিবন্ধনের সময়সীমা, যোগ্য দেশগুলোর তালিকা, ছবি ও অন্যান্য নথির শর্ত যাচাই করা জরুরি। প্রতারণা এড়াতে অননুমোদিত ওয়েবসাইট বা ব্যক্তি-প্রতিষ্ঠানের মাধ্যমে আবেদন না করাই ভালো।
আদালতের নির্দেশে ডিভি-২০২৭ লটারিতে আবেদন করার নতুন সুযোগ তৈরি হয়েছে। তবে চূড়ান্ত সময়সূচি ও আবেদনপদ্ধতি সম্পর্কে নিশ্চিত হতে মার্কিন পররাষ্ট্র দপ্তরের আনুষ্ঠানিক ঘোষণা অনুসরণ করতে হবে।
Leave a Reply