একতা ডেস্কঃ কথা ছিল ছেলের আইনি সমস্যায় হস্তক্ষেপ করবেন না বাইডেন। এমন প্রতিশ্রুতি দেওয়ার পরেও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন রবিবার এক অফিস আদেশে দুটি ফৌজদারি মামলায় সাজার মুখোমুখি হওয়া ছেলে হান্টারকে বাইডেন আনুষ্ঠানিকভাবে ক্ষমা করে দিয়েছেন। খবর এএফপির। প্রেসিডেন্ট বাইডেন এ বিষয়ে গতকাল এক বিবৃতিতে বলেন, ‘হান্টারের মামলার ঘটনাগুলো দেখে যৌক্তিকভাবে কোনো ব্যক্তি যদি এমন সিদ্ধান্তে পৌঁছাতে পারেন যে, তাকে শুধু আমার ছেলে হিসেবে বিবেচনা করা হয়েছে। তবে, তা ভুল হবে।’
এই সিদ্ধান্তটি যুক্তরাষ্ট্রের বিচার ব্যবস্থার স্বাধীনতাকে আবারও যাচাইয়ের মুখে ফেলবে বলেই মনে করা হচ্ছে। আর এটা এমন সময়ে হলো যখন নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেই তার অনুসারিদের এফবিআই এবং বিচার বিভাগের গুরুত্বপূর্ণ পদে নিয়োগের উদ্যোগ নিচ্ছেন। এ বছরের শুরুর দিকে হান্টার বাইডেন বন্দুক কেনার সময় তার মাদক ব্যবহারের তথ্য গোপন করার দায়ে দোষী সাব্যস্ত হন এবং অপরাধী হিসেবে বিবেচিত হন। পাশাপাশি তিনি কর ফাঁকির একটি মামলাতেও দোষী প্রমাণিত হন। তবে, তিনি অপরাধের সাজা ভোগ করেননি।
এর আগেও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টরা তাদের পরিবারের সদস্যদের ও রাজনৈতিক মিত্রদের ক্ষমা করে দিয়েছেন এমন নজির রয়েছে। বিল ক্লিন্টন তার সৎ ভাইকে কোকেন মামলায় দোষী হওয়ার পর ক্ষমা করেছিলেন এবং ডোনাল্ড ট্রাম্প তার জামাইকে কর ফাঁকির মামলা থেকে রেহাই দিয়েছিলেন। যদিও আসামি হিসেবে তারা কারাদণ্ড ভোগ করছিলেন।

Leave a Reply