একতা ডেস্কঃ প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান টেলিফোনে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করেছেন। গত সোমবার সন্ধ্যায় ফোনালাপে জ্যাক সুলিভান অধ্যাপক ইউনূসের নেতৃত্বের প্রশংসা করেন এবং বাংলাদেশের প্রতি যুক্তরাষ্ট্রের গণতান্ত্রিক প্রক্রিয়া ও উন্নয়নের ক্ষেত্রে অব্যাহত সমর্থনের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।
গত ৮ আগস্ট থেকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন ড. ইউনূস। ফোনালাপে সুলিভান অধ্যাপক ইউনূসের অর্থনীতি পুনরুদ্ধার এবং রাজনৈতিক, নির্বাচনসহ বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সংস্কার উদ্যোগের প্রশংসা করেন। একই সঙ্গে সম্ভাব্য নির্বাচনের তারিখ ঘোষণা করায় অধ্যাপক ইউনূসকে ধন্যবাদ জানান। ফোনালাপের সময় তারা বাংলাদেশের সামগ্রিক উন্নয়ন পরিস্থিতি নিয়েও আলোচনা করেন।
অধ্যাপক ইউনূস বাংলাদেশের উত্তরাধিকার সূত্রে পাওয়া সমস্যাগুলো কাটিয়ে উঠতে মার্কিন যুক্তরাষ্ট্রের উদার সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। জ্যাক সুলিভান এই সংকটকালীন সময়ে বাংলাদেশের প্রতি মার্কিন সমর্থনের বিষয়টি পুনর্ব্যক্ত করেন এবং একটি সমৃদ্ধ, স্থিতিশীল ও গণতান্ত্রিক বাংলাদেশের জন্য মার্কিন সমর্থন পুনর্ব্যক্ত করেন।
তিনি জানান, আগামী জানুয়ারির মধ্যে ছয়টি প্রধান সংস্কার কমিশনের রিপোর্ট পাওয়ার প্রত্যাশা রয়েছে। এরপর সংস্কার বাস্তবায়ন এবং নির্বাচনের জন্য জাতীয় ঐকমত্য প্রতিষ্ঠার প্রক্রিয়া শুরু হবে। তিনি স্মরণ করেন, গত সেপ্টেম্বরে নিউইয়র্ক সফরের সময় প্রেসিডেন্ট জো বাইডেন এবং পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেনের সঙ্গে তার সাক্ষাৎ এবং এই সাক্ষাৎ থেকে পাওয়া ইতিবাচক বার্তা। ড. ইউনূস আরও উল্লেখ করেন, বাংলাদেশের অর্থনীতি ও গণতান্ত্রিক প্রক্রিয়া এগিয়ে নিতে মার্কিন যুক্তরাষ্ট্রের সহায়তা এই চ্যালেঞ্জিং সময়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ।

Leave a Reply