একতা ডেস্কঃ নতুন বছরের শুরুর আগেই দিল্লিতে শুরু হচ্ছে বিধানসভা নির্বাচন। তাতে একাই লড়বে শাসকদল আম আদমি পার্টি। রবিবার এমনটাই ঘোষণা করে দিলেন দলের সর্বময় নেতা অরবিন্দ কেজরীওয়াল। তিনি জানালেন, বিধানসভা নির্বাচনে কোনও জোটের সঙ্গে থাকছে না আপ। অর্থাৎ, সব ক’টি কেন্দ্রেই প্রার্থী দেবে তারা। লোকসভা নির্বাচনে দিল্লিতে কংগ্রেসের সঙ্গে হাত মিলিয়ে ‘ইন্ডিয়ার শরিক হয়েছিল আপ। কিন্তু তাতে লাভ হয়নি। লোকসভায় আপের ভরাডুবি হয়েছে খাস দিল্লিতেই। সব আসনেই বিজেপি জিতেছে। এ বার বিধানসভা নির্বাচনের মুখে জোটে না থাকার কথা ঘোষণা করে দিলেন কেজরী। ফলে মনে করা হচ্ছে, আরও এক বার ধাক্কা খেল কংগ্রেসের নেতৃত্বাধীন বিরোধী জোট ইন্ডিয়া।
মহারাষ্ট্রের বিধানসভা নির্বাচনে ধাক্কা খেয়েছে ইন্ডিয়া। বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সেখানে ক্ষমতায় এসেছে বিজেপি-শিন্ডেসেনা-এনসিপি (অজিত) জোট মহাজুটি। যদিও ঝাড়খণ্ডে ‘ইন্ডিয়া’ জিতেছে। কিন্তু ধারে ও ভারে ঝাড়খণ্ডের চেয়ে এগিয়ে থাকা মহারাষ্ট্রে জিততে না পারা ‘ইন্ডিয়া’কে পিছিয়ে রেখেছে বলেই মত বিশেষজ্ঞদের একাংশের। এ বার দিল্লিতে কেজরীর ‘একলা চলো’ নীতি নতুন করে ধাক্কা দিল বিরোধী জোটকে।

Leave a Reply