একতা ডেস্কঃ আন্তর্জাতিক বাজারে জ্বালানির দাম স্থিতিশীল হলে দেশের মানুষও এর সুফল পাবেন বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। শুক্রবার দুপুরে যশোর সার্কিট হাউজে জেলা হাসপাতাল স্বাস্থ্য ব্যবস্থাপনা সভা শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
এ সময় গ্যাস সরবরাহের সাময়িক সমস্যার কারণও তুলে ধরেন প্রতিমন্ত্রী। তিনি বলেন, বঙ্গোপসাগরে বৈরী আবহাওয়ার কারণে এলএনজিবাহী জাহাজ থেকে গ্যাস খালাসে কিছুটা বিলম্ব হয়েছিল। এতে সাময়িকভাবে গ্যাসের চাপ কমে যায়। শুক্রবার সকাল ৭টা ১৮ মিনিট থেকে খালাস কার্যক্রম শুরু হয়েছে এবং দুপুরের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হওয়ার আশা করছেন তিনি।
যশোরের স্বাস্থ্যসেবা প্রসঙ্গে অনিন্দ্য ইসলাম অমিত বলেন, নির্ধারিত সময়ের মধ্যে জেলার মানুষের জন্য পূর্ণাঙ্গ করোনারি কেয়ার ইউনিটের (সিসিইউ) সেবা নিশ্চিত করা হবে। গুরুতর হৃদরোগে আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য যাতে অন্য জেলায় যেতে না হয়, সে লক্ষ্যেই সরকার কাজ করছে।
তিনি জানান, যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের স্বাস্থ্যসেবার মান উন্নয়নে আগের সভায় নেওয়া সিদ্ধান্তগুলোর বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা করা হয়েছে। বেশিরভাগ সিদ্ধান্তের ক্ষেত্রে অগ্রগতি সন্তোষজনক বলে জানান তিনি। যেসব কাজ এখনো বাকি রয়েছে, সেগুলো শেষ করার জন্য সময়সীমাও নির্ধারণ করে দেওয়া হয়েছে।
আগামী কয়েক মাসের মধ্যে যশোরের প্রান্তিক জনগোষ্ঠীর কাছে উন্নত চিকিৎসাসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্য রয়েছে বলেও জানান প্রতিমন্ত্রী।
যশোর জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সাবিরা নাজমুল, যশোর জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মোঃ হুসাইন শাফায়াত, যশোরের সিভিল সার্জন ডা. মোঃ মাসুদ রানাসহ স্বাস্থ্য বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
Leave a Reply