1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
শালিখায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত শালিখায় ৭৪ পিস ইয়াবাসহ আটক ১ শালিখায় জমি নিয়ে বিরোধ, বড় ভাইয়ের লাঠির আঘাতে ছোট ভাই খুন মহালছড়িতে নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, প্রথম ম্যাচে ফিউচার ভাইসের জয় মহালছড়ি জোনের উদ্যোগে মতবিনিময় সমন্বয় সভা অনুষ্ঠিত মহালছড়ির মাইসছড়িতে গৃহবধুর মরদেহ উদ্ধার, মেয়ের পরিবারের দাবী হত্যা নগরকান্দায় পাঁচ গ্রাম নিয়ে গঠিত ময়ালের পরিচালকের দায়িত্ব পেলেন সাইফুজ্জামান বিপ্লব ফকির সাজেক সড়ক সচল ও স্বাভাবিক পরিস্থিতি ফেরাতে খাগড়াছড়িতে নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিত মহালছড়িতে প্রবারণা পূর্ণিমা উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত যুবদল নেতা সাকের হোসেন হত্যার বিচারের দাবিতে শালিখায় বিক্ষোভ

আবারও সাংবাদিকের ওপর ক্ষুব্ধ ট্রাম্প, নেপথ্যে গলফ কোর্স নিয়ে প্রশ্ন

  • বুধবার, ২১ অক্টোবর, ২০২৬
  • ৫৯ গননা করুন
এই ছবিটি এআই(কৃত্রিম বুদ্ধিমত্তা) দিয়ে তৈরি।

একতা ডেস্কঃ হোয়াইট হাউসে এক সাংবাদিকের প্রশ্নে ক্ষুব্ধ হয়ে তাঁকে ‘চুপ’ থাকতে বলেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ সময় সাংবাদিককে উদ্দেশ করে তিনি প্রশ্ন করেন, ‘আপনার কী হয়েছে? আপনি কি অসুস্থ?’ মঙ্গলবার (২০ অক্টোবর) ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এ ঘটনা ঘটে।

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য ইন্ডিপেনডেন্ট-এর সাংবাদিক অ্যান্ড্রু ফেইনবার্গ ইস্ট পোটোম্যাক পার্কের উন্নয়ন এবং সেখানে নতুন গলফ কোর্স নির্মাণের পরিকল্পনা নিয়ে ট্রাম্পকে প্রশ্ন করছিলেন। প্রশ্নের শুরুতে ফেইনবার্গ বলেন, ‘গলফ কোর্স নিয়ে, আপনার তো অনেক গলফ কোর্স।’

এ সময় ট্রাম্প তাঁকে থামিয়ে বলেন, ‘অপেক্ষা করুন, অপেক্ষা করুন, অপেক্ষা করুন।’ এরপর ফেইনবার্গ আবার কথা বলতে শুরু করলে ট্রাম্প বলেন, ‘চুপ, চুপ।’ একপর্যায়ে সাংবাদিকের দিকে প্রশ্ন ছুড়ে দিয়ে তিনি বলেন, ‘আপনার কী হয়েছে? আপনি কি অসুস্থ?’

জবাবে ফেইনবার্গ বলেন, ‘আমার জানা নেই, স্যার।’

ঘটনার পর মঙ্গলবার প্রকাশিত এক প্রতিবেদনে ফেইনবার্গ জানান, সম্প্রতি তাঁর নিয়মিত বার্ষিক স্বাস্থ্য পরীক্ষা হয়েছে এবং তা ভালোভাবেই সম্পন্ন হয়েছে। নিজের পেশাগত দায়িত্ব পালন করছিলেন উল্লেখ করে তিনি বলেন, ‘আমি আমার কাজ করছিলাম, আগামীকালও ফিরে আসব।’

সাংবাদিককে নিয়ে ভ্যান্সের কটাক্ষ

এ ঘটনা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমেও আলোচনা শুরু হয়। যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে ট্রাম্প ও ফেইনবার্গের কথোপকথনের ভিডিও প্রকাশ করেন। পোস্টে তিনি ফেইনবার্গকে ‘নির্বোধ সাংবাদিক’ বলে কটাক্ষ করেন এবং ওভাল অফিসে তাঁর আচরণের জন্য ট্রাম্প তাঁকে কঠোরভাবে ভর্ৎসনা করেছেন বলে মন্তব্য করেন।

ভ্যান্সের পোস্টের জবাবে ফোইনবার্গ বলেন, ‘আমাকে অপমান করতে চাইলে অন্তত আমার অ্যাকাউন্ট ট্যাগ করার সাহস রাখুন।’

গণমাধ্যমের সঙ্গে ট্রাম্পের বিরোধ

গণমাধ্যমের সঙ্গে ট্রাম্পের বিরোধ নতুন নয়। তাঁর দুই মেয়াদেই সাংবাদিকদের সঙ্গে বিভিন্ন বিষয়ে বিতর্ক ও বাকবিতণ্ডার ঘটনা ঘটেছে। বিভিন্ন সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি তাঁদের সমালোচনা করেছেন এবং ব্যক্তিগত আক্রমণও করেছেন।

গত বছরের নভেম্বরে এয়ার ফোর্স ওয়ানে জেফরি এপস্টেইন-সংশ্লিষ্ট নথি নিয়ে প্রশ্ন করায় এক নারী সাংবাদিককে ‘চুপ করো, শূকরছানা’ বলে মন্তব্য করেছিলেন ট্রাম্প।

সর্বশেষ ঘটনাটি আবারও হোয়াইট হাউসে সাংবাদিকদের প্রশ্ন করার পরিবেশ এবং প্রেসিডেন্টের সঙ্গে গণমাধ্যমের সম্পর্ক নিয়ে আলোচনা সামনে এনেছে।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews