একতা ডেস্কঃ অবরুদ্ধ গাজায় ইসরায়েলি হামলায় গত ২৪ ঘণ্টায় অন্তত ১০০ ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। এর মধ্যে ৭৫ জনই নিহত হয়েছেন উত্তর গাজার দুটি বাড়িতে বিমান হামলার ঘটনায়। গাজার বেসামরিক প্রতিরক্ষা বিভাগের মুখপাত্র মাহমুদ বাসাল জানিয়েছেন, নিহতদের মধ্যে ৭৫ জন বেইত লাহিয়া শহরের এবং বাকি ২৫ জন জাবালিয়া ও সংলগ্ন বিভিন্ন এলাকার। গাজার সরকারি মিডিয়া অফিস জানিয়েছে অবরুদ্ধ এলাকায় ক্ষুধার পাশাপাশি দুর্ভোগ চরম পর্যায়ে পৌঁছেছে। ২০২৩ সালের ৭ অক্টোবরের পর গাজায় ইসরায়েলি হামলায় মোট ৪৪ হাজার ৩৬০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন এক লাখের বেশি।
গত ৫ অক্টোবর থেকে উত্তর গাজায় অভিযানে বিশেষভাবে জোর দিয়েছে আইডিএফ। তারপর থেকে এ পর্যন্ত উত্তর গাজার বিভিন্ন এলাকায় ইসরায়েলের স্থলবাহিনী ও বিমান বাহিনীর হামলায় নিহত হয়েছেন ২ হাজার ৭০০ জন ফিলিস্তিনি এবং আহত হয়েছেন আরও ১০ হাজার। এদিকে লেবানন ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি চতুর্থ দিনে প্রবেশে করেছে। দুই পক্ষের মধ্যে হওয়া এই চুক্তিকে সফলতা হিসেবে দেখছেন বর্তমান হিজবুল্লাহ প্রধান। তবে যুদ্ধবিরতির আগে লেবাননে মারা গেছেন তিন হাজার ৯৬১ জন। আহত হয়েছেন ১৬ হাজার ৫২০ জন।
আল-জাজিরা সূত্র জানিয়েছে, ইসরায়েলকে আরও ৬৮ কোটি ডলারের অস্ত্র দেওয়ার অনুমোদন দিয়েছে বাইডেন প্রশাসন। গাজায় যুদ্ধবিরতি নিয়ে যখন ব্যাপক আলোচনা চলছে তখন এমন সংবাদ সামনে এসেছে।

Leave a Reply