একতা ডেস্কঃ যশোর জেলার শার্শায় (ইউপি) চেয়ারম্যান দুই ইউপি সদস্যসহ আওয়ামী লীগের সাত নেতাকে আটক করেছে পুলিশ। রবিবার রাত সাড়ে আটটার দিকে ঝিকরগাছা উপজেলার হাজিরালী এলাকার একটি বাসা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। আটককৃতরা হলেন শার্শা উপজেলার বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান (৬০), ইউপি সদস্য মহিউদ্দিন আলম (৪০), শার্শা সদর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি ও ইউপি সদস্য আবদুল খালেক (৫৪), বাহাদুরপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড যুবলীগের সহসভাপতি মুকুল হোসেন (৪৪), শার্শা ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য কাজী আক্তারুজ্জামান (৫৪), শার্শা সদর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড যুবলীগের সহসভাপতি হায়দার আলী (৩৭) ও শার্শা উপজেলা যুবলীগের কার্যনির্বাহী সদস্য সাহেব আলী (৫৫)। ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবলুর রহমান খান জানায়, গত ৫ আগস্টের পর থেকে আটক ব্যক্তিরা আত্মগোপনে ছিলেন।
গোপন তথ্যের ভিত্তিতে একটি ফ্ল্যাটে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়। তাঁদের বিরুদ্ধে ঝিকরগাছা, শার্শা ও বেনাপোল থানায় নাশকতার একাধিক মামলা আছে। সোমবার দুপুরে সাত নেতাকে যশোর আদালতে পাঠানো হয়েছে।
Leave a Reply