একতা ডেস্কঃ কলকাতায় বাংলাদেশের জাতীয় পতাকা অবমাননা এবং প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের কুশপুত্তলিকা দাহের জঘন্য কাজের তীব্র নিন্দা জানিয়েছে ঢাকা। পররাষ্ট্র মন্ত্রণালয় গতকাল শুক্রবার এক বিবৃতিতে বলেছে, ‘ভবিষ্যতে এ ধরনের ঘটনা যাতে না ঘটে সে জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বাংলাদেশ সরকার ভারত সরকারকে আহ্বান জানায়। এতে বলা হয়েছে, বাংলাদেশ সরকার গভীর উদ্বেগের সঙ্গে কলকাতায় বাংলাদেশের ডেপুটি হাইকমিশনের বাইরে গতকাল বৃহস্পতিবার বিকেলে বঙ্গীয় হিন্দু জাগরণ’ নামে কলকাতার একটি হিন্দু সংগঠন আয়োজিত সহিংস বিক্ষোভের কথা উল্লেখ করেছে।
বিবৃতিতে বলা হয়, একপর্যায়ে সমাবেশ ও বিক্ষোভ সহিংস হয়ে ওঠে এবং বিক্ষোভকারীরা পুলিশ ব্যারিকেড ভেঙে বাংলাদেশ ডেপুটি হাইকমিশনের সীমানায় পৌঁছায়। বলা হয়েছে, তারা বাংলাদেশের জাতীয় পতাকায় আগুন দিয়েছে এবং বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টার কুশপুত্তলিকা দাহ করেছে।’
আপাতত পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে বলে মনে করা হলেও ডেপুটি হাইকমিশনের সব সদস্যের মধ্যে নিরাপত্তাহীনতা বিরাজ করছে বলে এতে উল্লেখ করা হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, বাংলাদেশ সরকার যেকোনো ধরনের সহিংস কার্যকলাপের নিন্দা করেছে এবং ভারত সরকারকে কলকাতায় বাংলাদেশের ডেপুটি হাইকমিশন এবং ভারতে বাংলাদেশের অন্যান্য কূটনৈতিক মিশনের পাশাপাশি এর কূটনীতিক ও অ-কূটনৈতিক সদস্যদের নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করার আহ্বান জানিয়েছে।

Leave a Reply