একতা ডেস্কঃ মধ্যপ্রাচ্যের চলতি উত্তেজনার অংশ হিসেবে সোমবার গাজা উপত্যকায় ইসরায়েলের সামরিক অভিযানে ৩৩ জন ইসরায়েলি জিম্মির মৃত্যু হয়েছে বলে জানিয়েছে হামাস। এ ঘটনায় এখনও নিখোঁজ রয়েছেন আরও কয়েকজন। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ‘একগুঁয়েমি অব্যাহত আগ্রাসন বন্দিদের মৃত্যুর সংখ্যা বাড়িয়ে তুলছে বলে মন্তব্য করেছে হামাস। নেতানিয়াহুর উদ্দেশে হামাস এক বক্তব্যে বলে, ‘উন্মত্ত যুদ্ধ অব্যাহত থাকলে ‘আপনি আপনার বন্দিদের চিরতরে হারাতে পারেন। খুব দেরি হওয়ার আগেই ব্যবস্থা নিন।
হামাসের সামরিক শাখা আল-কাসসাম ব্রিগেড শনিবার গাজায় এক ইসরায়েলি বন্দিকে আটক রাখার একটি ভিডিও প্রকাশ করে। ওই নাগরিকের মার্কিন নাগরিকত্বও রয়েছে। এর দু’দিন পরে হামাসের এই ভিডিও এসেছিল।
এডান আলেকজান্ডার বলেন, তাকে ৪২০ দিনেরও বেশি সময় ধরে বন্দি করে রাখা হয়েছিল। ইসরায়েলি সরকার ও যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতি গাজার বাকি বন্দিদের মুক্তি নিশ্চিত করার আহ্বান জানান তিনি।
গাজা উপত্যকায় চলমান ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৪৪ হাজার ৪৬৬ জনে দাঁড়িয়েছে বলে সোমবার এক বিবৃতিতে জানিয়েছে গাজাভিত্তিক স্বাস্থ্য কর্তৃপক্ষ। হামাস পরিচালিত গাজা সরকারের গণমাধ্যম কার্যালয় জানায়, গত ৫ অক্টোবর গাজার উত্তরাঞ্চলে ইসরায়েল সামরিক অভিযান জোরদার করার পর থেকে এ পর্যন্ত ৩ হাজার ৭০০ জনেরও বেশি ফিলিস্তিনি নিহত বা নিখোঁজ হয়েছেন।

Leave a Reply