একতা ডেস্কঃ টানা ছয় মাসেরও বেশি সময় সমুদ্রে মোতায়েন থাকা মার্কিন নৌবাহিনীর যুদ্ধজাহাজ ইউএসএস আব্রাহাম লিংকন’-এর আট নাবিক আত্মহত্যার চেষ্টা করেছেন। ইরানের বিরুদ্ধে যুদ্ধকালীন অভিযানে অংশ নেওয়ার সময় এসব ঘটনা ঘটে বলে জানিয়েছেন ভারপ্রাপ্ত নৌসচিব হাং কাও।
সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, দীর্ঘ সময় সমুদ্রে থাকা এবং যুদ্ধকালীন তীব্র মানসিক চাপের মধ্যেই নাবিকদের কয়েকজন আত্মহত্যার চেষ্টা করেন। তবে মোতায়েন চলাকালে কোনো নাবিকের মৃত্যু হয়নি। যারা আত্মহত্যার চেষ্টা করেছেন, তাদের উদ্ধার করে চিকিৎসা দেওয়া হয়েছে।
সিনেটর কার্স্টেন গিলিব্র্যান্ডের প্রশ্নের জবাবে দেওয়া এক চিঠিতে হাং কাও এসব তথ্য জানান। প্রায় ৬ থেকে ৭ হাজার নাবিক নিয়ে গঠিত যুদ্ধজাহাজ বহরটি ছয় মাসের বেশি সময় কোনো বন্দরে না থেমে সমুদ্রে ছিল। এটি মার্কিন নৌবাহিনীর জন্য নতুন রেকর্ড বলে জানানো হয়েছে।
একজন মার্কিন সামরিক কর্মকর্তা বলেন, স্বাভাবিক মোতায়েনের সময় বছরে এ ধরনের এক বা দুটি ঘটনা ঘটতে দেখা যায়। সেই তুলনায় একই মোতায়েনে আটজনের আত্মহত্যার চেষ্টা অস্বাভাবিকভাবে বেশি। বন্দরে যাওয়ার সুযোগ না থাকা এবং টানা ২৪ ঘণ্টা সতর্ক অবস্থায় থাকার চাপকে এর অন্যতম কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে।
নাবিকদের অভিযোগ, দীর্ঘ সময় জাহাজে অবস্থানের কারণে খাবারের পানি, টয়লেট ও গরম পানির মতো মৌলিক সুবিধা নিয়েও সমস্যায় পড়তে হয়েছে। একই সঙ্গে কবে দেশে ফেরা যাবে, তা নিয়ে অনিশ্চয়তাও তাদের মানসিক অবস্থার ওপর প্রভাব ফেলেছে।
মোতায়েনের সময় কয়েকজন নাবিক সমুদ্রে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। তবে সহকর্মী ও উদ্ধারকারী দলের দ্রুত তৎপরতায় তাদের জীবিত উদ্ধার করা সম্ভব হয়। পরে তাদের চিকিৎসার ব্যবস্থা করা হয়।
নৌবাহিনী জানিয়েছে, পরিস্থিতি মোকাবিলায় জাহাজে ধর্মযাজক, মনোবিজ্ঞানী ও মানসিক স্বাস্থ্যকর্মীদের রাখা হয়েছিল। তবে সিনেটর গিলিব্র্যান্ড ঘটনাগুলোকে সামরিক সদস্যদের প্রতি প্রশাসনের অবহেলার উদাহরণ হিসেবে উল্লেখ করে সমালোচনা করেছেন।
Leave a Reply